নরসিংদীতে দশ পুলিশ স্মরণে স্মৃতিস্তম্ভ

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শিবপুরের ঘাসিরদিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পুলিশ কর্মকর্তা ও কর্মচারীর স্মৃতি রক্ষার্থে ‘দৃপ্তশপথ’ নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার নরসিংদীর পুলিশ সুপার খ. মহিদ উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন। স্মৃতিস্তম্ভের অর্থায়ন করেছেন নরসিংদী জেলা পরিষদ প্রশাসক এড. মো. আসাদুজ্জামন, শিবপুরের এমপি জহিরুল হক মোহন, নরসিংদী জেলা প্রশাসক মো. ওবায়দুল আজম। মঙ্গলবার ছিল নরসিংদী জেলা পুলিশের সেই শোকাবহ দিন। ২০১১ সালের ১৫ জানুয়ারি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর থানাধীন ঘাসিরদিয়া এলাকায় পুলিশ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ওসি ও এক এসআইসহ ১০জন পুলিশ কর্মকর্তা ও কর্মচারীর মর্মান্তিক মৃত্যু ঘটে। নরসিংদী জেলা পুলিশের ইতিহাসে এটি সবচেয়ে বড় মর্মান্তিক ঘটনা। ইতিপূর্বে নরসিংদী তথা দেশের কোথাও সড়ক দুর্ঘটনায় এত পুলিশের প্রাণহানির ঘটনা শোনা যায়নি। সে দিনের দুর্ঘটনায় যারা নিহত হল তারা হলেন বেলাব থানার তত্কালীন ওসি ফারুক আহমেদ খান (৪৫),ওসি জিয়াউল হক খান (৪২), এসআই কংকন কুমার মণ্ডল (৪২), কনস্টেবল মো. মাছুদ পারভেজ (৪২), কনস্টেবল বজলুর রহমান (৪০), কনস্টেবল রিয়াজ উদ্দীন (৪০), কনস্টেবল কৃষ্ণ কান্ত বর্মণ (৩৫), কনস্টেবল নারায়ণ চন্দ্র দত্ত (৫৫) ড্রাইভার রেজাউল করিম (৪০) এবং কনস্টেবল প্রিয়তোষ চন্দ্র পাল (৫০)। দিনটি ছিল শনিবার-পৌর নির্বাচন সংক্রান্ত বিষয়ে নরসিংদী পুলিশ লাইনে জেলা পুলিশের নির্বাচনী ব্রিফিংয়ের তারিখ নির্ধারিত ছিল। এই ব্রিফিংয়ে যোগদানের জন্য সংশ্লিষ্টরা পুলিশের একটি পিকআপে চড়ে নরসিংদীর উদ্দেশ্যে রওনা দেন। পিকআপটি ঢাকা-সিলেট মহাসড়ক ধরে ঘাসিরদিয়া এলাকায় পৌঁছলে বেলা ১১টায় একটি মাছবাহী দ্রুতগামী ট্রাক বিপরীত দিক থেকে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।এতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।