বাকৃবিতে কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের আমন বীজ বিতরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্ভিদ প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের উদ্যোগে গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বয়ড়া গ্রামে ১০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের আমন ধানের বীজ বিতরণ করা হয়। জানা যায়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত ‘খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে উন্নতমানের বোরো ও আমন ধানের বীজ উত্পাদন ও বিতরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় রবিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বয়ড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের তালিকাভুক্ত ১০০জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতজাতের স্বল্পমেয়াদী উন্নত জাতের আমন ধানের বীজ বিতরণ করা হয়। বীজ বিতরণ অনুষ্ঠানে প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. লুত্ফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ বিতরণ করেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মতিউর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক নারায়ণ চন্দ্র বসাক, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল খালেক পাটোয়ারী, বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মোহসিন আলী প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভাগের মাস্টার্স শিক্ষার্থী, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও এলাকার প্রান্তিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিনামূল্যে ১০০ প্রান্তিক কৃষককে ৫ কেজি করে উন্নত জাতের স্বল্পমেয়াদী বিশুদ্ধ বিনা-৭ ও ব্রি-৩৩ আমন ধানের বীজ বিতরণ করা হয়।