কলারোয়ায় ভিজিডি কার্ড প্রদানে অনিয়ম

কলরোয়ায় ইউপি সদস্যরা আর্থিক সুবিধা নিয়ে এবং স্বজনপ্রীতির মাধ্যমে সচ্ছলদের নামে ভিজিডি কার্ড প্রদান করেছেন বলে ইউএনও’র কাছে গণদরখাস্ত করেছে এলাকাবাসী। মঙ্গলবার কার্ডবঞ্চিত দুস্থরা এ অভিযোগ প্রদান করে। কলারোয়া উপজেলার যুগীখালী ইউনিয়নের (৪নং ওয়ার্ড) কামারালী গ্রামের মেম্বর আঃ রশিদ ও সংরক্ষিত আসনের মেম্বর সাজেদা পারভীন যোগসাজশ করে সচ্ছল ব্যক্তিদের নামে ওই কার্ড দিয়েছে বলে লিখিত অভিযোগে জানা গেছে। লিখিত অভিযোগকারীরা জানায়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা আর্থিক সুবিধা নিয়ে ও স্বজনপ্রীতির মাধ্যমে সচ্ছল পরিবারকে ওই কার্ড দেয়া হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত মেম্বর আঃ রশিদ আর্থিক সুবিধা নেয়ার কথা অস্বীকার করে বলেন,আওয়ামী লীগের কিছু লোকের কথা মত ভিজিডি কার্ড না করায় তারা মিথ্যা অভিযোগ দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুসাইন শওকত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।