সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা বিশ্ব ইজতেমা থেকে বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর নামক স্থানে মঙ্গলবার সিএনজিচালিত অটোরিকশা ও পাওয়ার ট্রিলারের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী-নাতি ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহতরা হলেন—জসীম উদ্দিন (৮০), জসিম উদ্দিনের স্ত্রী আমেনা খাতুন (৬০) ও নাতি কাইয়ুম (১৭)। জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের ইন্দ জিতখিলা গ্রামের একই পরিবারের পাঁচজন মঙ্গলবার বিশ্ব ইজতেমা থেকে বাড়ি ফেরার জন্য ময়মনসিংহ থেকে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে। অটোরিকশাটি গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর নামক স্থানে এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইটভাটার মাটিবাহী পাওয়ার ট্রিলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জসীম উদ্দিন (৮০) ও কাইয়ুম (১৭) নিহত হয় এবং ৪ জন আহত হয়। নিহতরা সম্পর্কে দাদা-নাতি। চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লার দেবিদ্বার উপজেলার শালঘর এলাকায় যাত্রীবাহী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই বোন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন গাড়িচালক ও ওই পরিবারের আরও দু’জন। বুধবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার মুরাদনগর উপজেলার বকুলনগর গ্রামের রোজী বেগম (৩২) ও ববি (২২)। আহতরা হলেন-নিহতদের বড় বোন হাছিনা, পরিবারের আরেক সদস্য সেলিম ও গাড়িচালক। গাড়িচালকের নাম জানা যায়নি।