মিঠাপুকুরে ভিজিডি তালিকা
তৈরিতে অনিয়ম
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:৫৪
উপজেলার দুস্থ গরীব মহিলাদের জন্য ভিজিডির নামের তালিকা তৈরিতে সংশ্লিষ্ট ইউপি সদস্যরা আগাম টাকা নেয়া শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। দুস্থ মহিলাদের উন্নয়নের জন্য কর্মসূচির নামের তালিকা যারা তৈরি করেন তারা কোনো নিয়ম-নীতি মানেন না। মহিলা প্রধান পরিবার এবং উপার্জনক্ষম পুরুষ সদস্য নেই, যাদের জমি ১৫ শতকের নীচে অথবা ভূমিহীন, সুনির্দিষ্ট আয়ের উত্স নেই, বয়স ১৮ থেকে ৪০ বছর ও অতিমাত্রায় দরিদ্র তারাই ভিজিডি কার্ড পাওয়ার যোগ্য। অথচ সংশ্লিষ্ট ইউপি সদস্যরা মোটা অংকের টাকার বিনিময়ে যারা পাওয়ার যোগ্য নয় তাদের নাম তালিকাভুক্ত করছেন। কিছুদিন আগে কর্মসৃজন কর্মসূচির নাম তালিকাভুক্ত করার সময়েও সংশ্লিষ্টরা এক থেকে দেড় হাজার টাকা ঘুষ নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এখন ভিজিডি কার্ডের বেলায়ও তাই ঘটছে। এ ব্যাপারে উপজেলা মহিলা অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন ও ত্রাণ কর্মকর্তার অফিসে যোগাযোগ করে জানা যায়, নিয়মমত সংশ্লি¬ষ্টদের কাছ থেকে সঠিক সুবিধাভোগীদের তালিকা চাওয়া হয়। সে অনুযায়ী তারা নামের তালিকা দিয়ে থাকে। এ ব্যাপারে কোনো অভিযোগ আসলে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হয়।