ফখরুলের জামিন নামঞ্জুর

ঠাকুরগাঁওয়ে যুবদল ছাত্রদলের সকাল-সন্ধ্যা হরতাল পালন

বিচ্ছিন্ন দু’-একটি ঘটনার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে যুবদল-ছাত্রদলের ডাকে গতকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। গত মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি মামলায় জামিনে মুক্তি না পাওয়ায় ওই দিন সন্ধ্যায় এই হরতাল আহ্বান করে ঠাকুরগাঁও জেলা যুবদল ও ছাত্রদল। গতকাল ভোর সাড়ে ৫টা থেকে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। সকাল ৬টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড, হাসপাতাল গেট ও সার্কিট হাউস এলাকায় পাঁচটি গাড়ি ভাংচুর করা হয়। ঢাকা থেকে আসা নৈশকোচগুলো খোঁচাবাড়ি এলাকায় আটকে দেয়া হয়। শহরের বেশিরভাগ পয়েন্ট থেকে পিকেটাররা টায়ার পুড়িয়ে খণ্ড মিছিল বের করে। মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর ডাকা আধাবেলা হরতালেও বেশ কয়েকটি পয়েন্টে নেতা-কর্মীদের তত্পর দেখা গেছে।