খুলনার ৯ উপজেলায় পুস্তক ব্যবসায়ীদের লাগাতার ধর্মঘট শুরু

সৃজনশীল অনুশীলনমূলক বই জব্দ, হয়রানি, জেল-জরিমানার প্রতিবাদে গতকাল বুধবার থেকে খুলনা মহানগর ও জেলার নয়টি উপজেলায় পুস্তক ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। মঙ্গলবার রাতে এক সভা করে খুলনার পুস্তক প্রকাশক ও ব্যবসায়ী সমিতি এ ধর্মটের ডাক দেয়। এদিকে অনির্দিষ্টকালের ধর্মঘটের সমর্থনে পুস্তক ব্যবসায়ীরা গতকাল বুধবার বিকালে নগরীর সদর থানার মোড়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন। পুস্তক ব্যবসায়ীরা জানান, বিভিন্ন প্রকাশনী সংস্থার সৃজনশীল বই দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছেন তারা। কিন্তু বেশ কিছু দিন ধরে ভ্রাম্যমাণ অদালত খুলনাসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে পুস্তক ব্যবসায়ীদের হয়রানি, জেল জরিমানা এবং বই জব্দ করে তা পুড়িয়ে ফেলছে। এতে ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়ে পড়ছেন। গত মঙ্গলবার খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা শারমীন নগরীর একটি লাইব্রেরীতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের কর্মচারি শওকত হোসেনকে ১ মাসের কারাদণ্ড প্রদান এবং ঢাকার বিভিন্ন প্রকাশনীর বিপুল পরিমাণ সৃজনশীল বই জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করেন। এ ঘটনার পরপরই ব্যবসায়ীরা তাত্ক্ষণিক সভা করে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন। খুলনা মহানগরী ও জেলার প্রায় ৩০০ পুস্তক বিক্রয়কারী প্রতিষ্ঠান এ ধর্মঘট শুরু করেছে। এ ব্যাপারে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদ তালুকদার বলেন, আমরা বৈধভাবে সৃজনশীল অনুশীলনমূলক বই বিক্রি করছি। তারপরও আমরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছি। এ সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত আমাদের অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত থাকবে। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি খুলনা জেলা শাখার সহ-সভাপতি মোল্লা মোক্তার আলী বলেন, এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।