সাবেক সেতু সচিব
মোশাররফ হোসেন
সাসপেন্ড
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ২২:০৫
পদ্মা সেতুর পরামর্শক প্রতিষ্ঠান নির্বাচনে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার হওয়া সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভুঁইয়াকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২৬ ডিসেম্বর থেকে কার্যকর করে জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল বুধবার এ আদেশ জারি করে।
বিশ্বব্যাংকের শর্ত মেনে প্রথমে জনাব ভুঁইয়াকে সেতু বিভাগ থেকে বদলি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নিয়োগ করা হয়। কিন্তু বিশ্বব্যাংকের অনড় মনোভাবের কারণে এ পদ থেকেও তাকে ছুটিতে পাঠানো হয়। ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) পদ্মা সেতুর পরামর্শক প্রতিষ্ঠান নির্বাচনে দুর্নীতির ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অন্যদের সঙ্গে মোশাররফ হোসেন ভুঁইয়ার বিরুদ্ধে মামলা করে। এ মামলার কারণে জনাব ভুঁইয়াকে ওএসডি করা হয়।
গত ২৬ ডিসেম্বর মামলায় আগাম জামিন নিতে জনাব ভুঁইয়া হাইকোর্ট যান। সেখান থেকে ফেরার পথে দুদকের একটি দল তাকে গ্রেফতার করে।
সরকারি কর্মচারি (আপীল ও শৃংখলা) বিধিমালায় কোনো কর্মকর্তা-কর্মচারি ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হয়ে কারাগারে গেলে যে সময় তিনি কারাগারে প্রেরিত হবেন- সে সময় থেকে তিনি চাকরি থেকে সাময়িক বরখাস্ত হবেন বলে বিধান রয়েছে। এ অনুযায়ী জনাব ভুঁইয়াকে সাময়িক বরখাস্ত করে ওই প্রশাসনিক আদেশ জারি করা হয়।