প্লাস্টিক গৃহস্থালি পণ্যের সমারোহ
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ২২:২১
প্লাস্টিকের গৃহস্থালীর পণ্য নিয়ে মেলায় এসেছে অনেক স্টল ও প্যাভেলিয়ন। অনেক নামি-দামি কোম্পানিও এসেছে পণ্য নিয়ে। বেচা-কেনাও হচ্ছে এসব স্টল ও প্যাভেলিয়নে। মেলা ছাড়াও এই পণ্যগুলো সচরাচর বাইরে পাওয়া গেলেও মেলা থেকে কেনার জন্য অপেক্ষা করে থাকেন ক্রেতারা। কারণ মেলায় পণ্যের মূল্য ছাড়ের বিষয় রয়েছে। এছাড়া নতুন মডেলের অনেক পণ্যের বাজারজাত বাণিজ্য মেলা থেকেই এদের শুরু হয়। নতুন পণ্য পাওয়ার আশায় থাকেন অনেক ক্রেতা। ফলে এসব স্টল ও প্যাভেলিয়নে মেলার শুরু থেকেই ভিড় লেগে আছে। অনেক আসবাবপত্র এখন প্লাস্টিকের তৈরি।
প্লাস্টিকের গৃহস্থালী পণ্য নিয়ে এসেছে ২০টি স্টল ও প্যাভেলিয়ন। এগুলো মেলার বিভিন্ন জায়গায় ছড়ানো-ছিটানো। তবে ক্রেতাদের পছন্দের কয়েকটি প্যাভেলিয়ন খুঁজে পেতে তেমন বেগ পেতে হয় না। বড় বড় এই প্যাভেলিয়নগুলো দূর থেকেই চোখে পড়ে যায় দর্শনার্থী ও ক্রেতাদের। এছাড়া প্যাভেলিয়নগুলো খুব কাছাকাছি। মেলায় এসব প্যাভেলিয়নের মধ্যে রয়েছে আরএফএল, তালুকদার ও পারটেক্স প্লাস্টিক ইত্যাদি। মেলায় তালুকদারের ১৬টি নতুন পণ্য এসেছে। এগুলোর মধ্যে রয়েছে: ম্যাজিক টুল, বালতি, টেবিল, ড্রিংকিং গ্লাস ইত্যাদি। অন্যান্য পণ্যের মধ্যে ক্রাউন চেয়ার, ফিস ক্রেট, কফি টেবিল, রিডিং টেবিল, ওভাল টেবিল, রিল্যাক্স চেয়ার ইত্যাদি। ম্যাজিক টুলের দাম ২৩৫ টাকা থেকে ৩৪৫ টাকা, ডাইনিং টেবিলের দাম ২ হাজার ৫শ থেকে ৪ হাজার টাকা, বালতির দাম ১৫৫ টাকা থেকে ১৭৫ টাকা। ১০ হাজার টাকার পণ্য কিনলে ১০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে প্যাভেলিয়নে। মেলায় আরএফএল মূল্য ছাড় না দিলেও পণ্যের সাথে দিচ্ছেন প্রাণের একটি নুডল্স এবং একটি শপিং ব্যাগ। তারপরও প্যাভেলিয়নের ভিতরে লোকজনের ভিড় সবসময়। আরএফএলে নতুন রয়েছে মেলামাইনের পণ্য, প্রসাধনী রাখার বক্স, হটপট, সোফা সেট ইত্যাদি। সোফা সেটের সর্বোচ্চ দাম ৮ হাজার ৫শ টাকা। মেলামাইনের পণ্যের দাম ২০ টাকা থেকে ৯৩০ টাকা পর্যন্ত। অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে আরএফএল চেয়ার, টেবিল, বালতি, জগ, গামলা ইত্যাদি। আরএফএল প্যাভেলিয়নের কর্মকর্তা মো:নজরুল ইসলাম জানান, দিন যতই সামনে যাচ্ছে প্যাভেলিয়নে ভিড় ততই বাড়ছে, সেইসাথে কেনা-বেচাও বাড়ছে।
ঢাকার বাইরে থেকেও অনেক ক্রেতা আসছেন মেলায় প্লাস্টিক গৃহস্থালীর পণ্য কিনতে। গাজীপুর থেকে মেয়ের বিয়ের উপহার সামগ্রী কিনতে এসেছিলেন ওসমান গনি। তিনি জানান, সামনের সপ্তাহে মেয়ের বিয়ে এবং সে উদ্দেশ্যেই মেলায় আসা। মেলা থেকে বিয়ের সকল আসবাবপত্র কিনে নেব। মেলায় আসার কারণ হলো এখানে নতুন নতুন পণ্য পাওয়া যায় এবং সবগুলো পণ্য একসাথে পাওয়া যায় । অনেক প্যাভেলিয়নে মূল্য ছাড় দিচ্ছে। ঘুরে ঘুরে দেখছি। শেষ বিকালে ক্রয় করে বাসার উদ্দেশ্যে রওনা হবো।