চট্টগ্রাম-১২ আসনে উপ-নির্বাচন আজ
শামীম হামিদ, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ২২:২২
জাতীয় সংসদের ২৮৯ চট্টগ্রাম-১২ (আনোয়ারা-পশ্চিম পটিয়া-কর্ণফুলী) আসনে উপ-নির্বাচন আজ বৃহস্পতিবার। সদ্য প্রয়াত সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরীর ছেলে সাইফুজ্জামান চৌধুরী এ নির্বাচনে অন্যতম প্রার্থী। বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীসাইফুজ্জামান নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে সাইফুজ্জামানের একমাত্র প্রতিদ্বন্দ্বী গণফোরাম প্রার্থী উজ্জল ভৌমিকের প্রতীক উদীয়মান সূর্য। আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।
এই উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফরহাদ আহাম্মদ খান ইত্তেফাককে জানান, ভোট গ্রহণের জন্য ৯০ জন প্রিসাইডিং অফিসার, ৬১০ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ১২৩০ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। র্যাব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ডের ৩৩০০ সদস্য এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
গত মঙ্গলবার প্রচারণার শেষ দিনে উভয় প্রার্থী এলাকায় অবস্থান করে শেষবারের মত এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করেন। এদিন গণফোরাম প্রার্থী উজ্জল ভৌমিক নির্বাচনে অংশগ্রহণ করছেন না বলে এলাকায় ব্যাপক গুজব ছড়িয়ে পড়ে। তবে গতকাল বুধবার সকালে উজ্জল ভৌমিক চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসারের সামনে উপস্থিত হয়ে নির্বাচনে তার প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি সত্য নয় বলে উল্লেখ করেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রাম-১২ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৫০ হাজার ২৫৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৬ হাজার ২৯৩ এবং মহিলা ভোটার ১ লাখ ২৩ হাজার ৯৬৪ জন। মোট ভোটকেন্দ্র এবং ভোটকক্ষ সংখ্যা যথাক্রমে ৯০ ও ৬১৫।
গত ৪ নভেম্বর আখতারুজ্জামান চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম-১২ আসনটি শূন্য হয়। এ প্রেক্ষিতে ৯ ডিসেম্বর নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ জানুয়ারি এ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। মোট ছয়জন মনোনয়নপত্র দাখিল করেন। এরা হলেন:সাইফুজ্জামান চৌধুরী (বাংলাদেশ আওয়ামী লীগ), উজ্জল ভৌমিক (গণফোরাম), তপন চক্রবর্তী (স্বতন্ত্র), জালালউদ্দিন আহমেদ (স্বতন্ত্র), মিজানুর রহমান (স্বতন্ত্র) ও আব্দুল আলীম নিজামী (স্বতন্ত্র)।
গত ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই শেষে নির্বাচন কমিশন সাইফুজ্জামান চৌধুরী ও উজ্জল ভৌমিকের মনোয়নপত্র বৈধ ঘোষণা করে। বিধি অনুযায়ী এলাকার মোট ভোটারের মধ্যে ১ শতাংশের সমর্থনের বিষয়টি নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের সমীক্ষায় প্রমাণিত না হওয়ায় চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়া অন্যতম প্রার্থী জালালউদ্দিন। তার রিট আবেদন হাইকোর্টে বহাল থাকলেও আপিল বিভাগ তা স্থগিত ঘোষণা করেন।
এ আসনে গত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী (নৌকা প্রতীক) ১,১০,২৯৭ ভোট পেয়ে জয়লাভ করেছিলেন। শতকরা হিসেবে তিনি পান মোট ভোটের ৫৪.০৩ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরওয়ার জামাল নিজাম ধানের শীষ প্রতীক নিয়ে ৮৭,৫০৬ ভোট (৪২.৮৭ শতাংশ) পেয়েছিলেন।
চট্টগ্রাম-১২ আসনে সবচেয়ে বেশি ছয়বার প্রতিদ্বন্দ্বিতা করেন সদ্য প্রয়াত সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী। এর মধ্যে তিনি চারবার বিজয়ী হন (১৯৭০, ১৯৮৬, ১৯৯১ ও ২০০৮)। বাকি দুইবার (১৯৭৯ ও ২০০১) এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী জয়লাভ করেন।
নির্বাচনী এলাকার সব ব্যাংক আজ বন্ধ
চট্টগ্রাম-১২ নির্বাচনী এলাকায় অবস্থিত সব ব্যাংকের শাখা আজ বন্ধ থাকবে। কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে এ তথ্য জানানো হয়েছে। ভোট গ্রহণ উপলক্ষে নির্বাচনাধীন এলাকার ব্যাংক শাখাগুলোর কর্মকর্তা বা কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে উক্ত এলকার তফসিলি ব্যাংকগুলোর সব শাখা বন্ধ থাকবে।