পুলিশের হেফাজতে মৃত্যু

চুয়াডাঙ্গায় এএসআইর বিচারের দাবিতে সড়ক অবরোধ

চুয়াডাঙ্গায় গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের হেফাজতে আজগার আলী (৩৫) নামের একজন মারা যাওয়ার ঘটনায় হাতিকাটা গ্রামের লোকজন সংশ্লিষ্ট পুলিশের বিচার চেয়ে গতকাল বুধবার চুয়াডাঙ্গা-মেহেপুর সড়ক অবরোধ করে। নিহত আজগার আলী সদর থানার হাতিকাটা গ্রামের মৃত আজমত আলীর ছেলে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল কবীর চৌধুরী জানান, গত মঙ্গলবার সন্ধ্যার পর আলুকদিয়ার বেলেপাড়ার মাঠে তিনজন তাড়িখোরকে আটক করে এএসআই মনিরুল ইসলাম। এর মধ্যে আজগার আলী (৩৫) অসুস্থ হয়ে পড়লে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক রাজীবুল বলেন, ‘সদর থানার এএসআই মনিরুল ইসলাম মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে মৃত অবস্থায় আজগারকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে আসেন। আমরা তার মরদেহ হিমাগারে রেখেছি।’ এদিকে সদর থানার এএসআই মনিরের বিচারের দাবিতে হাতিকাটা গ্রামবাসী হাতিকাটা এলাকায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের ওপর গাছ ফেলে রাস্তা অবরোধ করে রাখে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।