স্বর্গের পতন হলেও বিদ্যুত্ কেন্দ্র মামলা চলবে :প্রধান বিচারপতি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ২২:২৫
পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইফতিখার মুহাম্মদ চৌধুরী বলেছেন, ‘স্বর্গের পতন হলেও ভাড়াভিত্তিক বিদ্যুত্ কেন্দ্রের দুর্নীতির মামলা চলবে।’ এদিকে, দেশটির প্রধানমন্ত্রীকে সুপ্রিম কোর্টের গ্রেফতারের নির্দেশের বিষয়টি পুনর্বিবেচনার জন্য আবেদন করার পরিকল্পনা করছে সরকার। অপরদিকে, তাহরিক-ই-মিনহাজুল কুরআনের নেতা ড. তাহির-উল-কাদরি গতকাল বুধবারের মধ্যে সরকারকে পদত্যাগের আহবান জানিয়েছেন। কাদরির লংমার্চকে সফল বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ। খবর ডন, টাইমস অব ইন্ডিয়া এবং এনডিটিভির।
পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতিখার মুহাম্মদ চৌধুরী বলেছেন, আদালতের বাইরে কি ঘটছে সেটি দেখার দায়িত্ব আদালতের নয়। আদালত পাকিস্তানের সংবিধান এবং আইন অনুযায়ী চলবে। তিনি বলেছেন, ইসলামাবাদে গুঞ্জন শোনা যাচ্ছে, বিদ্যুত্ কেন্দ্র দুর্নীতি মামলার শুনানি হবে না। কিন্তু এই মামলা চলবে এবং আইন অনুযায়ীই চলবে। তিনি আরো বলেন, বিচারকরা আইনের শাসন সমুন্নত রাখার শপথ নিয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্র মন্তব্য করেছে, একটি পুরানো মামলায় পাক প্রধানমন্ত্রীকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, ভাড়াভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র দুর্নীতি মামলায় মঙ্গলবার প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফসহ ১৬ জনকে গ্রেফতারে সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করার পরিকল্পনা করছে সরকার। অ্যাটর্নি জেনারেল ইরফান কাদির এই পুনর্বিবেচনার আবেদন করবেন বলে সূত্র জানিয়েছে। তবে সরকার না কি দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা জাতীয় জবাবদিহি দপ্তর (এনএবি) এই আবেদন করবে সেই বিষয়ে কিছু জানা যায়নি। তথ্যমন্ত্রী কামার জামান কাইরা দেশটির বেসরকারি টেলিভিশনকে জানিয়েছেন, সরকার, আইন মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী এখন পর্যন্ত সুপ্রিম কোর্টের আদেশের কোনো লিখিত কপি পায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেছেন, অভিযুক্ত এবং দোষীর মধ্যে পার্থক্য রয়েছে। রাজা পারভেজ আশরাফ এখনো প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন এবং তিনি এই দায়িত্ব চালিয়ে যাবেন।