ভারতের সীমান্ত বাহিনীর বিরুদ্ধে সেনা হত্যার অভিযোগ পাকিস্তানের

পাকিস্তান গতকাল বুধবার অভিযোগ করেছে ভারতের সীমান্ত বাহিনীর হাতে তাদের এক সৈন্য নিহত হয়েছে। বিতর্কিত কাশ্মীর সীমান্তে মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীর গুলিতে এক সেনা নিহত হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। দেশটি ভারতের সেনাবাহিনীর গুলি নিক্ষেপকে উস্কানিমূলক বলে মন্তব্য করেছে। পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত রেখার হট স্প্রিং ও জান্দ্রত সেক্টরে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ভারত। তবে ভারত এ অভিযোগ অস্বীকার করেছে। খবর বিবিসি, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি ও ডন এর। পাকিস্তানের সৈন্য হত্যার অভিযোগের জবাবে ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল বিক্রম সিং গতকাল বলেছেন, আমরা নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল) অতিক্রম করিনি। যেটা ঘটেছে সেটা উস্কানিমূলক হামলার পাল্টা জবাবে ঘটতে পারে। তিনি বলেন, আমাদের জোয়ানরা নিয়ন্ত্রণরেখা অতিক্রম করেনি। তিনি আরো বলেন, যখন আমাদের হামলা করার উস্কানি দেয়া হয় তখন হয়তো আমরা পাল্টা ব্যবস্থা নিই। বিপরীতে ভারতীয় সেনাবাহিনী গতকাল একটি ছবি প্রকাশ করে জানায়, পাকিস্তান সৈন্যরা তাদের মাটিতে ভূমি মাইন পুঁতে রেখেছে। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে।