লন্ডনে হেলিকপ্টার বিধ্বস্ত :নিহত ২

লন্ডনের মধ্যাঞ্চলে বুধবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দু’জন নিহত হয়েছে। পুলিশ জানায়, সকাল ৮টায় হেলিকপ্টারটি চলার পথে একটি বহুতল ভবনের ছাদের ওপর থাকা একটি ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে। ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় এবং এটি ভূপাতিত হয়। অগ্নিনির্বাপণ দল ও পুলিশ ভঙ্হল এলাকায় থেমস নদীর কাছে দুর্ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখেন। ঘটনাস্থলের কাছাকাছি একটি অফিসে কর্মরত পল ফার্গুসন বিবিসি নিউজকে বলেন, আগুন ধরে হেলিকপ্টারটি মাটিতে পড়ে যায় এবং বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর এটি থেকে প্রচুর ধোঁয়া বেরুচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে জ্বলন্ত হেলিকপ্টারটির ছবি পোস্ট করেছে। খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দুর্ঘটনার ফলে সকালের ব্যস্ততম সময়ে রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়।