কেউ ধরা পড়েনি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ২২:২৫
রাজধানীর চানখারপুলে কাজী অফিসে ইডেন কলেজের ছাত্রীকে এসিড নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত মনির উদ্দিন ও তার সহযোগী মাসুদ গ্রেফতার হয়নি। এদিকে গতকাল ঐ ছাত্রী ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছেন। চিকিত্সকরা জানিয়েছেন তার অবস্থার কিছু উন্নতি হয়েছে। এসিড দগ্ধ এই কলেজ ছাত্রী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।
বংশাল থানা পরির্দশক (তদন্ত) মোহাম্মদ হাসান জানান, আসামিদের গ্রেফতারে থানা একাধিক টিম অভিযান শুরু করেছে। তবে গতকাল পর্যন্ত তাদের অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি। তিনি বলেন, গতকাল ম্যাজিস্ট্রেট ঐ কলেজ ছাত্রীর জবানবন্দি রেকর্ড করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ৭৮/৩ নাজিমউদ্দিন রোড দোতলায় এসিড সন্ত্রাসের স্বীকার হন ইডেল কলেজের এই ছাত্রী। মনিরউদ্দিন ও তার সহযোগী মাসুদ তাকে মোবাইল ফোনে ডেকে এনে জোর করে বিয়েতে রাজী করানোর চেষ্টা করে। রাজী না হওয়ায় তারা তাকে ছুরিকাঘাত ও এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় বংশাল থানায় মামলা হয়েছে।