পাকিস্তানি ক্রিকেটার ছাড়াই বিপিএল শুরু হচ্ছে আজ

শেষ পর্যন্ত পাকিস্তানি ক্রিকেটার ছাড়াই আজ শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসর। গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যে টানাপোড়েন চলছিল, তার ফল হিসেবে পাকিস্তানি কোনো ক্রিকেটারকে গতকাল পর্যন্ত বিপিএল খেলার অনুমতি দেয়া হয়নি। পিসিবির এই আচরণে ক্ষুব্ধ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল দিনভর জরুরি সভাশেষে সংবাদ সম্মেলনে বললেন, এটাকে তারা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন। পিসিবির এই ‘অপেশাদার’ আচরণের জবাবে বিসিবিও সিদ্ধান্ত নিল যে, পাকিস্তানিদের ছাড়াই বিপিএল হবে। এমনকি এই পিসিবি তার খেলোয়াড়দের অনুমতি না দেয়ায় আগামীতে পাকিস্তান সফর নিয়েও অন্যভাবে ভাববেন বলে ইঙ্গিত দিলেন পাপন। পরিষ্কার বলে দিলেন, পিসিবির এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান সফরের নৈতিক কোনো চাপ অন্তত আর তারা অনুভব করছেন না। সমস্যার শুরু হয়েছিল পিসিবিকে বিসিবির সাবেক সভাপতি কর্তৃক আইসিসির সভায় বসে পাকিস্তান সফরের ব্যাপারে ‘লিখিত প্রতিশ্রুতি’ দেয়ায়। বলা হয়, তিনি আইসিসির সহ-সভাপতি পদে নির্বাচনে পাকিস্তানের সমর্থন পাওয়ার জন্য এই কাজ করেছিলেন। কিন্তু বিসিবির সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল বিভিন্ন সময় এ অভিযোগ অস্বীকার করেছেন। তবে এই ‘লিখিত প্রতিশ্রুতি’র কপি বিসিবির কাছে আছে বলেও জানা গেছে। এই লিখিত প্রতিশ্রুতির কারণে পিসিবি বাংলাদেশকে সে দেশ সফর করার জন্য চাপ দিচ্ছিল। কিন্তু বিসিবির বর্তমান সভাপতি সর্বশেষ সভায় সিদ্ধান্ত নিয়েছিলেন, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হলে জাতীয় দলকে সেখানে পাঠানো হবে না। ফলে পিসিবি নতুন করে বিপিএলের জন্য তাদের খেলোয়াড়দের আটকে দিয়ে বাংলাদেশের সফর আশা করছিল। বাংলাদেশ নমনীয় না হওয়ায় এবার শেষ পর্যন্ত পাকিস্তানি খেলোয়াড় ছাড়াই খেলা হতে যাচ্ছে। বিপিএলে অংশগ্রহণকারী প্রতিটি দল ৫ থেকে ৭ জন করে পাকিস্তানি ক্রিকেটার কিনেছিল। বিপিএলে বিদেশি খেলোয়াড়দের মধ্যে তারাই ছিল সবচেয়ে বেশি সংখ্যায় ও তারকাও তাদের বেশি ছিল। তারপরও বিশেষ এই পরিস্থিতিতে বিপিএলের দলগুলোর মালিকরা বিসিবির সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলেই জানা গেছে।