আঁখির পাশে শিক্ষামন্ত্রী
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ২২:২৮
এসিডদগ্ধ ইডেন কলেজের ছাত্রী শারমিন আখতার আঁখিকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজে গেলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
গতকাল বুধবার দুপুর ২টা ১০ মিনিটে সিলেট থেকে ঢাকা ফিরে বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে যান তিনি। এ সময় মন্ত্রী এসিডদগ্ধ অ?াঁখির সঙ্গে কথা বলেন, চিকিত্সার খোঁজ-খবর নেন। শিক্ষামন্ত্রী তাকে বলেন, সারা বাংলাদেশের মানুষ তোমার পাশে আছে। মা, তোমার ভয় নেই।
হাসপাতাল থেকে বের হয়ে যাওয়ার সময় শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, আমি সিলেটে ছিলাম। শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছি আমার মেয়েকে দেখতে।
শিক্ষামন্ত্রী বলেন, তার মুখে ও শরীরে এসিড নিক্ষেপ করা হয়েছে। অবস্থা গুরুতর। আমাদের জন্য এটি খুবই দুঃখ ও লজ্জাজনক ঘটনা। যারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত, তারা বড় মাপের অপরাধী। এদের কোনো ক্ষমা নেই।
মন্ত্রী বলেন, আমি এখনই স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির সঙ্গে কথা বলবো। ওই নরপশুদের যেন দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়। শুধু অপরাধীদের শাস্তি দিলেই চলবে না। সবাই মিলে এসিড সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।