গার্দিওলা বায়ার্নের
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৩, ২০:১১
গত কিছুদিন ধরেই পেপ গার্দিওলাকে নিয়ে বিশ্বের তামাম গণমাধ্যম বেশ সরব। সবার মুখেই একটা প্রশ্ন, কোথায় যাচ্ছেন সাবেক বার্সেলোনার কোচ। নিজেও জানিয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে তার আগ্রহের কথা। তবে শেষ পর্যন্ত আর সেটা হলো না। সকল জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে পেপ গার্দিওলা যোগ দিলেন বায়ার্ন মিউনিখে। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের পরবর্তী মৌসুম থেকে কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন বার্সেলোনার এই সাবেক খেলোয়াড় ও কোচ।
গার্দিওলা বায়ার্ন কোচ হিসেবে পরের মৌসুম থেকে বর্তমান কোচ ইয়াপ হেইনকেসের স্থলাভিষিক্ত হবেন। বায়ার্ন মিউনিখের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট নিশ্চিত করেছে বহুলপ্রতিক্ষিত এই খবরটি। ২০১২ সালে বার্সা ছাড়ার পর থেকেই স্বঘোষিত ছুটিতে ছিলেন গার্দিওলা। বার্সার দায়িত্বে থাকাকালে বার্সেলোনাকে সব মিলিয়ে চার মৌসুমে মোট ১৬টি ট্রফি জিতিয়েছেন তিনি। খেলোয়াড় হিসেবেও বার্সেলোনার হয়ে লা লিগা, চ্যাম্পিয়নস ট্রফি সবই জিতেছেন।
পেপ গার্দিওলা বায়ার্ন মিউনিখে যোগ দেয়ায় একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তিনি পারবেন কি পারবেন না। কিন্তু তার সাবেক ‘বাড়ি’ বার্সেলোনা থেকে কোনোরকম নেতিবাচক কথাবার্তা নেই। বরং অভিনন্দনের জোয়ারে ভাসছেন বার্সেলোনার সর্বকালের সেরা এই কোচ।
বার্সেলোনায় গার্দিওলার ছেড়ে আসা চেয়ার সামলাতে থাকা টিটো ভিলানোভাই সবার আগে অভিনন্দন জানিয়েছেন। তিনি যদিও এখনও নিশ্চিত নন যে, গার্দিওলা ঠিক কি ধরনের দল হাতে পেতে যাচ্ছেন। তারপরও বলছেন, ‘আমি এখনও জানি না যে, ও আসলে কোন দলে যোগ দিচ্ছে। ও আমাকে কিছু বলেনি। তবে পত্রিকায় পড়লাম যে, ওর সঙ্গে গোপন একটা চুক্তি হয়েছে। আমি নিশ্চিত ও অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছে। আর ও ভুল সিদ্ধান্ত নেয়ার মানুষ নয়। ইউরোপে, বিশেষ করে ইংল্যান্ড আর জার্মানির সব দলই অনেক ভালো। এর মধ্যে বায়ার্নের অবকাঠামো খুবই ভালো।’
নিজের সাবেক ‘বসের’ প্রতি ভিলানোভা এভাবে আস্থা রাখছেন। আর বার্সেলোনার আর্জেন্টাইন তারকা হ্যাভিয়ের মাচেরানো বলছেন, মতাদর্শের দিক থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন গার্দিওলা। তার মতে, ‘আমার ধারণা পেপ বায়ার্নকে বেছে নিয়েছে তাদের মতাদর্শের কারণে। আর বায়ার্নে একদল জার্মান ফুটবলার আছে।’
সবচেয়ে সুন্দর কথাটা বলেছেন হোসে পিন্টো। তিনি বলছেন, ‘তাদের গুরুর সুখেই তাদের সুখ, পেপ খুশি হলেই আমরা খুশি। পেপ যদি বায়ার্নে যোগ দিয়ে সুখী হয় আমরাও ওর কথা ভেবে আনন্দে থাকবো। ওর ফেরাটা দরকার ছিল। ও ফিরতে চাচ্ছিল। এমনও হতে পারে চ্যাম্পিয়নস লিগে হয়তো একদিন আমাদের দেখা হয়ে গেল!’ সেই সময়টা গার্দিওলা কাদের পক্ষ নেবেন এখন সেটাই দেখার বিষয়।