শীত উপেক্ষা করে মহাদেবপুরে বোরো চাষে ব্যস্ত কৃষক

নওগাঁর মহাদেবপুরে কনকনে শীত উপেক্ষা করে বোরো চাষে মাঠে নেমেছে কৃষক। রোপা আমনের বাম্পার ফলনের পর এখন বোরো চাষে ব্যস্ত সময় কাটাচ্ছে তারা। এবার রোপা আমনের ফলন ভাল পেলেও দাম ভাল না পাওয়ায় কৃষক লোকসানের মুখে পড়েছে। বোরো চাষের মাধ্যমে এ লোকসান কাটিয়ে ওঠার আশা নিয়ে এ অঞ্চলের কৃষক অধিক পরিমাণ জমিতে বোরো চাষের প্রস্তুতি নিয়েছে যদিও। সেচনির্ভর এ ফসলের চাষ শুরুর আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি কৃষকদের দুশ্চিন্তায় ফেলেছে। সেচ মৌসুমের শুরুতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করায় বোরো চাষের খরচ অনেকাংশে বৃদ্ধি পাবে বলে জানিয়েছে কৃষক। প্রচন্ড কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে প্রতিকূল আবহাওয়া ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এই দুই সংকট নিয়েই কৃষকরা এবার বোরো চাষে মাঠে নেমেছে। খোঁজ নিয়ে জানা গেছে, গভীর নলকূপগুলোতে অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপ ও অপারেটর নিয়ে জটিলতার কারণে অনেক স্থানেই এখনো গভীর নলকূপগুলো চালু হয়নি। তবে অনেক মাঠে শ্যালো ইঞ্জিনে সেচ দিয়ে বোরো রোপণ শুরু করছে কৃষক। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, মাঠে মাঠে চলছে বোরো চাষের প্রস্তুতি। অন্যান্য বছর জানুয়ারির ২য় সপ্তাহ থেকে-ফেব্রুয়ারির ১ম সপ্তাহ পর্যন্ত এ এলাকায় বোরো রোপণ করা হয়। এবার অনেক এলাকায় জানুয়ারির ১ম সপ্তাহ থেকেই বোরো রোপণ শুরু হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা এ,কে এম মফিদুল ইসলাম জানান, এ উপজেলায় চলতি মৌসুমে ২৭ হাজার ৪০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি বছর বোরোর চাল উত্পাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩ হাজার ৪’শ ৯৬ মেঃ টন।