সিরাজদিখানে ব্রিজের অভাবে ভোগান্তি
সিরাজদিখান(মুন্সীগঞ্জ)সংবাদদাতা
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:০৩
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জ-বাসাইল-রামকৃষ নদী সড়কের বাসাইল বাজার খালের উপর একটি ব্রিজের অভাবে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত রয়েছে বিশাল এলাকাবাসী। ব্রিজটির অভাবে সরকারের প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটিও তেমন কাজে আসছে না এলাকাবাসীর। রাস্তাটি নির্মিত হওয়ার প্রায় বিশ বছর পূর্বে ঐ খালের উপর একটি ৫ ফুট প্রশস্ত ফুট ব্রিজ নির্মিত হয়েছিল। বর্তমানে সরু নড়বড়ে ঐ ব্রিজটির অবস্থাও অত্যন্ত করুণ। যেকোন সময় ধসে পড়ে বড় কোন দুর্ঘটনার আশংকা রয়েছে। এলাকাবাসী প্রয়োজনের তাগিদে বাধ্য হয়ে এখন জীবনের ঝুঁকি নিয়ে ঐ নড়বড়ে ব্রীজের উপর দিয়ে পায়ে হাঁটাসহ রিকশা, টেম্পো ও মাঝে মাঝে প্রাইভেট কার পারাপার হতে দেখা যায়। ব্রিজের দুই পার্শ্বে প্রচুর প্রাইভেট কার, মালবাহী ট্রাক, এ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়িসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে থাকতে দেখা যায়। বাসাইল-ইমামগঞ্জ সড়কটিই হচ্ছে বিশাল এই এলাকার ১৫/১৬টি গ্রামের প্রায় দেড় লক্ষাধিক লোকের রাজধানী ঢাকাসহ জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, হাট-বাজারে যাতায়াতের একমাত্র সড়ক। এলাকাটি রাজধানী ঢাকার পার্শ্ববর্তী হওয়ায় এ এলাকা থেকে প্রতিদিন শত শত লোক চাকরি, ব্যবসা ও লেখাপড়া করার উদ্দেশ্যে সকালে ঢাকায় যায় এবং বিকাল-সন্ধ্যা ও রাতে আবার বাড়ি ফিরে। এছাড়াও এ এলাকায় ২টি ব্যাংক, ৩টি হাইস্কুল, ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩টি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক, বেশ কয়েকটি এনজিও, ২টি পোস্ট অফিস, ৩টি বাজারসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে।