কুষ্টিয়ায় চালু হলো পুলিশ শপিং কমপ্লেক্স

কুষ্টিয়ায় পুলিশ লাইনস্ কম্পাউন্ডে চালু হলো সদ্যনির্মিত আধুনিকমানের শীতাতপ নিয়ন্ত্রিত পুলিশ শপিং কমপ্লেক্স। গতকাল বৃহস্পতিবার কমপ্লেক্সটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মেজবাহউদ্দিন। ঢাকাস্থ লালন মাল্টি বিজনেস লিমিটেড পুরো শপিং কমপ্লেক্সটি ১৫ লাখ জামানত ও ৫০ হাজার টাকা মাসিক ভাড়াতে চুক্তিভিত্তিক লিজ নিয়ে ব্যবসা শুরু করে। শপিং কমপ্লেক্সে রয়েছে বুক স্টল, পুনাক ফুড পার্ক, স্টেশনারীজ ও তৈরি পোশাকসহ দেশি-বিদেশি প্রসাধনীর বিপুল সমাহার। এই শপিং কমপ্লেক্সে স্বাচ্ছন্দ্যে কেনা-কাটা,ফাস্ট ফুড ও অন্যান্য খাবার সুবিধাসহ সভা-সেমিনার করার জন্য রয়েছে সুপরিসর কনফারেন্স রুম। পুলিশ সুপার মফিজউদ্দিন আহম্মেদ জানান, পুলিশ লাইনস্ স্কুল এ্যান্ড কলেজের দুই হাজার ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মচারী,পুলিশ সদস্যসহ ভোক্তাদের কেনা-কাটার সুবিধার্থে পুলিশ কল্যাণ তহবিলের টাকায় আধুনিকমানের এই শপিং কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছে। এই শপিং কমপ্লেক্সটির মাধ্যমে উত্তর-দক্ষিণ বঙ্গে যাতায়াতকারী বাসযাত্রীসহ শহরবাসী উপকৃত হবেন বলে তিনি জানান।