দেবীগঞ্জে শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ

দেবীগঞ্জ অমরখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা ঘটনার প্রতিবাদে বুধবার উপজেলার শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপজেলা শিক্ষা কর্মকর্তা মনছুর আলীকে তার অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে। এ সময় তারা একই বিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষক মাহবুব হাসানের শাস্তি দাবি করেন। শিক্ষা কর্মকর্তা মনছুর আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কার্যক্রম চলছে। জেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার হারুন আশ্বস্ত করেন অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।