পাথরঘাটায় বিভাজনের মধ্যে শিক্ষক সমিতির নতুন কমিটি
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:০৭
শিক্ষক সমিতি (আতিয়ার-রনজিত্) পাথরঘাটা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে পাথরঘাটা আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ সভাপতি ও চরদুয়ানী মাধ্যমিক স্কুলের কম্পিউটার শিক্ষক গোলাম মাওলা মিলন সাধারণ সম্পাদক হয়েছেন। গত মঙ্গলবার উপজেলার মাধ্যমিক স্কুল শিক্ষকদের একাংশের বর্জনের মধ্যদিয়ে ভোট গ্রহণ ছাড়াই এ কমিটি গঠন করা হয়েছে।
উপজেলার চার শতাধিক মাধ্যমিক শিক্ষকদের মধ্যে দু’শ’ শিক্ষক ওই সভায় উপস্থিত ছিলেন মর্মে জানা গেছে। বর্জন করা স্কুলগুলো হলো তাছলিমা মেমোরিয়ার একাডেমি, কিরনপুর মাধ্যমিক বিদ্যালয়, মাদারতলী মাধ্যমিক বিদ্যালয়, কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় ও ড.ফিরোজা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়। কে,এম পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে সত্যেন্দ্রনাথ হালদারের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক সভাপতি দাশগুপ্ত আশীষ।
পাথরঘাটা মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির নির্বাচিত (পুরাতন) সাধারণ সম্পাদক মোঃ শামীম আহসান জানিয়েছেন, শীঘ্রই তারা নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করবেন।