লিমনের কানের অবস্থার অবনতি

র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির রাজাপুরের কলেজ ছাত্র লিমন হোসেনের কানের অবস্থার অবনতি ঘটেছে। ঢাকায় চিকিত্সকরা লিমনকে দ্রুত অপারেশনের পরামর্শ দিয়েছেন। আগামী মার্চ মাসে লিমনের কারিগড়ি বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা থাকায় লিমন পরীক্ষার পরেই অপারেশন করবেন বলে লিমন সাংবাদিকদের জানিয়েছেন। সমপ্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. প্রাণ গোপাল দত্তের কাছে লিমন চিকিত্সা নেয়। এসময় আইন ও সালিশ কেন্দ্রের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। ওই সময় চিকিত্সক দ্রুত কানের অপারেশন করার জন্য নির্দেশ দেন। আগামী মার্চে কারিগড়ি বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা থাকায় লিমন পরীক্ষার পরেই অপারেশন করবে বলে চিকিত্সককে জানান। চিকিত্সা শেষে গত দুই দিন আগে লিমন কাউখালির ভাড়া বাসায় ফেরেন। লিমন হোসেন বলেন, ‘সামনে পরীক্ষা তাই অপারেশন করতে না পারায় ডাক্তার দুই মাসের জন্য ওষুধ লিখে দিয়েছেন। কিন্তু গত বুধবার থেকে কান থেকে পানি পড়াসহ প্রচন্ড ব্যথা শুরু হয়েছে। আগে সামান্য পরিমান শব্দ অনুভূত হলেও এখন কান একেবারে বন্ধ হয়ে গেছে।’গত বছরের ২০ আগস্ট ঈদের দিন বাড়ি থেকে ঈদ করে কাউখালির ভাড়া বাসায় ফেরার পথে র্যাবের কথিত সোর্স লিডার ইব্রাহিম লিমন ও তার পরিবারের ওপর হামলা চালায়। এসময় লিমনের কান গুরুতর আহত হয়। তখন থেকেই লিমন কানের সমস্যায় ভুগছিলেন।