হুমায়ুন আজাদ হত্যা মামলায় আরো দুইজনের সাক্ষ্য
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:০৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলায় আরও দুই সাক্ষী আদালতে জবানবন্দি প্রদান করেছেন। এনিয়ে এ মামলায় ৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। বৃহস্পতিবার মামলার দুই সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এইচএম শফিকুল ইসলাম আশিক ও আগামী প্রকাশনীর স্বত্ব্বাধিকারী ওসমান গণি আদালতে সাক্ষ্য প্রদান করেন। ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. হাবিবুর রহমান জিন্নাহর আদালতে মামলাটির বিচার চলছে। আগামী ১৭ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। গত ১ জানুয়ারি মামলার প্রধান সাক্ষী নিহত ড. হুমায়ুন আজাদের ভাই মঞ্জুর কবির আদালতে সাক্ষ্য দেন। কিন্তু ৩ সাক্ষীর কেউই আদালতে কোন আসামির নাম বলেননি। হত্যাকাণ্ডের প্রায় ৮ বছরেরও অধিক সময় পর গত ১ জানুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়।