ছাত্র রাজনীতির ঐতিহ্য ফেরাতে মেধাবীদের এগিয়ে আসতে হবে - ওবায়দুল কাদের
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:০৯
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মেধাবী ছাত্র-ছাত্রীদের রাজনীতিমুখি হওয়ার আহবান জানিয়ে বলেছেন, ছাত্র রাজনীতির ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে মেধাবী ছাত্র-ছাত্রীদের রাজনীতিমুখি হতে হবে। তিনি বলেন, মেধাবীরা রাজনীতিতে না আসলে রাজনীতির মঞ্চ অসত্, চরিত্রহীন, দুর্নীতিবাজ ও খারাপ লোকেরা দখল করে নেবে যা দেশ ও জাতির জন্য কল্যাণকর নয়।
ওবায়দুল কাদের গতকাল সকালে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স-এর নবাগত ছাত্র-ছাত্রীদের বসন্তকালীন নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ সামাদের সভাপতিত্ব্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য ড. কে এম সাইফুল ইসলাম খান বক্তব্য রাখেন।
ওবায়দুল কাদের বলেন, ছাত্র রাজনীতির দরকার নেই একথা বলব না; তবে ছাত্র রাজনীতি যদি সীট বাণিজ্য, ভর্তি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য হয়, সে ছাত্র রাজনীতি অবশ্যই ঘৃণা করি। তিনি বলেন, ছাত্র নেতাদের হতে হবে মডেল। যাতে সাধারণ ছাত্র-ছাত্রীরা তাদের আদর্শ অনুকরণ করে রাজনীতিতে আসতে অনুপ্রাণিত হয়।