সংবাদ সংক্ষেপ

সরাইলে বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মশালা সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ বিশ্বসাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ)-এর উদ্যোগে ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি মূল্যায়ন ও উদ্বুদ্ধকরণ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সেকায়েপের উপ-পরিচালক ড. সুজন কুমার সরকার। বক্তব্য রাখেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সমন্বয়কারী মো. নাজমুল ইসলাম, অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, শিক্ষক মো. আইয়ূব খান, গোলাম মোস্তফা, শহিদুর রহমান, শেলিনা আক্তার প্রমুখ। বিলাইছড়িতে সেনাবাহিনীর চিকিত্সাসেবা রাঙ্গামাটি প্রতিনিধি \ বিলাইছড়িতে সেনাবাহিনীর সহায়তায় বিনামূল্যে চিকিত্সাসেবা দেয়া হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিত্সকরা পাহাড়ি-বাঙালি জনগণের মাঝে বুধবার এ চিকিত্সাসেবা দেন। উদ্বোধন করেন বিলাইছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. কায়সার হাসান মালিক । বহুমুখী এ চিকিত্সা শিবিরে বিনামূল্যে ৫ শতাধিক রোগীকে শিশুরোগ, স্ত্রীরোগ, অর্থপেডিক্স, মেডিসিন ও হূদরোগ বিষয়ে চিকিত্সা ও ওষুধ দেয়া হয়। বগুড়ায় যক্ষ্মা রোগ প্রতিরোধে সেমিনার বগুড়া প্রতিনিধি \ বগুড়ায় যক্ষ্মা রোগ প্রতিরোধে সাংবাদিক সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় । টিএমএসএস মহিলা মার্কেটে রোটারী মিলনায়তনে বুধবার জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) বগুড়া জেলা শাখার উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। নাটাবের জেলা সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বগুড়ার সিভিল সার্জন ডা. খলিলুর রহমান । দাগনভূঞায় শত বছরের নলদিয়া মেলা শুরু দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা \ বৃহত্তর নোয়াখালীর প্রাচীনতম ও সর্ববৃহত্ নলদিয়া মেলা দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে প্রতি বছর ১ মাঘ অনুষ্ঠিত হয়ে থাকে। মাসব্যাপী এ মেলা দাগনভূঞা, কোম্পানীগঞ্জ ও সেনবাগ উপজেলার সংযোগস্থলে বসে। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় মাজার প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাউফলে মা ও শিশু মৃত্যুরোধে আলোচনা বাউফল সংবাদদাতা \ পটুয়াখালীর বাউফলে বুধবার উপজেলা হাসপাতাল হলরুমে গর্ভকালীন মা ও শিশু মৃত্যুহার কমিয়ে আনতে এমএসএইচ কমিটির এক আলোচনাসভা হয় । এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মুন্সি । আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মনজুরুল আলম, পরিবার পরিকল্পনা অফিসার মাহাবুব হাসান, ডা. আবদুল্লা বিন আখতার, ডা. দেলোয়ার হোসেন। দশমিনায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা\ দশমিনায় মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে বাংলাবাজার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন সভাপতি এবং দশমিনা আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. হেলাল উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। উপজেলার ২৮৮ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন রূপগঞ্জ সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের মাসুম চৌধুরী অপুকে সভাপতি ও হাছিবুর রহমান হাছিবকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি বুধবার গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান, সহ-সভাপতি মোস্তফা আল হোসেন রাছেল, সাইফুল ইসলাম তুহিন, আনোয়ার পারভেজ টিপু, যুগ্ম সম্পাদক মো. সেলিম নিয়ন, মনিরুজ্জামান ভুঁইয়া মনির, সাখাওয়াত হোসেন রাজিব, সাংগঠনিক সম্পাদক রাতুল আহম্মেদ খোকন ও ফয়সাল আলম সিকদার। ব্রাহ্মণবাড়িয়ায় ভেজালবিরোধী র্যালি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশ্রণ এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি প্রতিরোধকল্পে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন ও তথ্য অফিসের যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ভেজালবিরোধী কথামালা শীর্ষক বিশেষ প্রচার কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে নিয়াজ মোহাম্মদ হাইস্কুল মাঠ থেকে একটি র্যালি বের হয়। পরে ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার। বিরামপুরে পল্লীশ্রীর বার্ষিক সমন্বয় সভা বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা\ ইউরিপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও অক্সফ্যাম-জিবি’র সহযোগিতায় পল্লীশ্রী পরিচালিত বাংলাদেশে সমাজ উপেক্ষিত গোষ্ঠী ও অতি দরিদ্রদের অধিকার সুরক্ষায় ননস্টেট প্রক্টরদের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের বার্ষিক সমন্বয় সভা বৃহস্পতিবার বিরামপুর পৌরসভা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ইউনিট উন্নয়ন কমিটির সভাপতি উম্মে কুলসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আজাদুল ইসলাম। উলিপুরে আর্সেনিক নির্ণয়ে অবহিতকরণ সভা উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা\ উলিপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আর্সেনিকোসিস রোগ নির্ণয় ও ব্যবস্থাপনা শীর্ষক এক সভা বুধবার অনুষ্ঠিত হয় । নির্বাহী অফিসার শাহীনূর আলমের সভাপতিত্বে সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান এম কফিল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম ও উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. অজয় কুমার রায়। মোরেলগঞ্জে চিত্রাংকনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান মোরেলগঞ্জ সংবাদদাতা\ বাগেরহাটের মোরেলগঞ্জে বুধবার বিকেলে বেসরকারি সংস্থা জেজেএস উদ্যোগে ইউনিয়নভিত্তিক দুর্যোগ হ্রাস বিষয়ক এক চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় মোরেলগঞ্জ ১০৭ নং বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়-কাম- সাইক্লোন শেল্টার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন। পার্বতীপুর আলিম মাদ্রাসায় ড্রেস ও পুরস্কার বিতরণ পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা\ পার্বতীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় সম্প্রতি অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রতিষ্ঠানের মোট ৪২৪ জন ছাত্র-ছাত্রীর মাঝে ড্রেস বিতরণ করা হয়। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষিকাদের সমন্বিত অর্থ সহায়তায় ছাত্র-ছাত্রীদের এসব ড্রেস ক্রয় করা হয়। সমাবেশে ২০১২ সালের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অভিভাবক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী লায়ন্স আতিয়ার রহমান, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পার্বতীপুর শাখার সভাপতি ও লায়ন্স মামুুনুর রশিদ। সিদ্ধিরগঞ্জে ডাকাতি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা সেলিম মিয়ার বাড়ি থেকে ৮ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতরা এরশাদ নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত আড়াইটায়। সারিয়াকান্দি আওয়ামী লীগের সম্মেলন সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা\ দীর্ঘ ৯ বছর পর গত বুধবার সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় পাবলিক মাঠে সম্মেলন উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন । সম্মেলনে সাহাদারা মান্নান সভাপতি ও আলমগীর শাহী সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ছাগলনাইয়ায় সমবায়ের উপর মতবিনিময় সভা ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা \ ছাগলনাইয়া উপজেলা সমবায় অফিসের উদ্যোগে বুধবার উপজেলা মিলনায়তনে সমবায় কার্যক্রমের উপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং জামশেদ আলম চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. ইউছুপ মজুমদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নূর আহাম্মদ মজুমদার। মেহেরপুরে মাদক ব্যবসায়ীর ৬ মাসের জেল মেহেরপুর প্রতিনিধি \ জেলা মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে গাঁজা বিক্রি করার সময় আটক তৈয়ব আলী নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের জেল দেয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে ভ্রাম্যমাণ আদালতের ওই রায় ঘোষণা করা হয়। মাদারীপুরে শিক্ষক সমাবেশ মাদারীপুর প্রতিনিধি \ ১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার জেলা সদর মাদারীপুরে এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষক নেতা শাহাদত হোসেন। জেলা প্রশাসক কার্যালয় প্রঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক নেতা খলিলুর রহমান, আবদুর রাজ্জাক, আবদুল ওহাব, আব্দুল মান্নান প্রমুখ। নিষিদ্ধ গাইডের ব্যবসা ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ প্রাথমিক ও হাইস্কুল পর্যায়ের নিষিদ্ধ গাইড বইয়ের রমরমা বাজারে পরিণত হয়েছে ধামইরহাটের লাইব্রেরিগুলোতে। এখানে এসব বই বিক্রি হচ্ছে দেদারছে। অনেকটা প্রকাশ্যে এ নিষিদ্ধ গাইড বই বিক্রি হলেও প্রশাসন নিষ্ক্রিয়। ফলে সরকার যে উদ্দেশ্যে গাইড বই নিষিদ্ধ করেছে সে উদ্দেশ্য ব্যাহত হতে চলেছে। সৈয়দপুরে ভিডিও মালিক সমিতির নির্বাচন সৈয়দপুর সংবাদদাতা \ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা ভিডিও মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন এস কে আলম। এছাড়া সাধারণ সম্পাদক পদে টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক রানা আলম, প্রচার সম্পাদক নাসির হোসেন, কোষাধ্যক্ষ সুজন ও কার্যকরী সদস্য পদে চাঁদ খান, এশরাম নির্বাচিত হন। মোট ৩২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। কাউখালীতে আলোচনাসভা কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ কাউখালীতে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে নাগরিক উদ্যোগ এসসিপিআই এলজি প্রকল্প আয়োজিত ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ক্রিস্টিয়ান এইডের সহযোগিতায় ‘স্থানীয় সরকার আইন ২০০৯ বাস্তবায়নে বর্তমান অবস্থা এবং অন্তরায়’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন প্রমুখ। নেত্রকোনায় উদীচীর পতাকা মিছিল নেত্রকোনা প্রতিনিধি \ যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে গতকাল বৃহস্পতিবার উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে নেত্রকোনা শহরে পতাকা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। শহীদ মিনারে বক্তব্য রাখেন উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক নীলম বিশ্বাস, কামাল আহমেদ, মোজাম্মেল হক বাচ্চু, খন্দকার আনিসুর রহমান। চৌমুহনী পৌর মহাশ্মশানের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উত্সব চৌমুহনী সংবাদদাতা\ চৌমুহনী পৌর মহাশ্মশানের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উত্সব বৃহস্পতিবার সূর্যোদয় থেকে শুরু হয়েছে। উত্সব উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে ১৬ প্রহর হরিনামযঞ্জ আরম্ভ হয়। শুক্রবার দিন-রাত হরিনাম শেষে শনিবার ভোরে সমাপ্ত হবে। বুধবার প্রতিষ্ঠাবার্ষিকীর অধিবাস উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।