মুন্সীগঞ্জের গ্রামে হামলা বাড়ি ভাংচুর, লুটপাট

গজারিয়া উপজেলার দত্তেরচর গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় একদল লোক হামলা চালিয়ে ২টি বসতঘরে অগ্নিসংযোগসহ ১০টি বাড়িঘর ভাঙচুর এবং ১৫টি গরু ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে । জানা গেছে, পার্শ্ববর্তী কদমতলী গ্রামের অর্ধশতাধিক লোক টেঁটা, বল্ল¬মসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে এই হামলা চালায়। এ সময় দামোর সংঘর্ষে নারী ও শিশুসহ ২৬জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষের জের ধরে কয়েকদিন আগে দত্তেরচর গ্রামের তাজুল ইসলামের নেতৃত্বে কদমতলী গ্রামের মোবারক মিয়ার ছেলে মোশারেফ মিয়াকে পিটিয়ে-কুপিয়ে আহত করে। এর জের ধরে পার্শবর্তী কদমতলী গ্রামের লোকজন দত্তেরচর গ্রামে হামলা চালায় । তারা ঐ গ্রামের বারেক মিয়ার ২টি ঘর ভাঙচুর, অগ্নিসংযোগ করে। এছাড়া মোহাম্মদ হোসেন, আয়নাল মিয়া ও শাহাবুদ্দিনের ঘরসহ ৮টি বসতঘর ভাঙচুর ও মালামাল লুট করে। এ সময় আগুনে বারেক মিয়ার ৩টি গরু দগ্ধ হয়। গজারিয়া থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর দুই গ্রামবাসী আত্মগোপনে চলে গেছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় গজারিয়া থানায় দত্তেরচর গ্রামে মোহাম্মদ আলী বাদী হয়ে ২৮জনের নাম উল্লেখসহ ৫৩জনকে আসামি করে মামলা দায়ের করেছে।