রায়পুরায় ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০

রায়পুরা উপজেলায় ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকে বুধবার বিকাল পর্যন্ত সুন্নি-ওহাবী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ৪টি দোকান, ২টি মাদ্রাসা, ২টি মসজিদসহ অর্ধশতাধিক ঘর-বাড়ি ভাংচুর, লুট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বুধবার বিকাল ৪টা পর্যন্ত পুরুষ-মহিলাসহ ৫০ জন আহত হয়েছে। আহতদের রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্স, ভৈরব, নরসিংদী সদরসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় ইউপি সদস্য মোঃ এলাহী ৪১ জনের বিরুদ্ধে মামলা করেছেন। বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া অব্যাহত ছিল। এলাকাবাসী জানায়, গিয়াস উদ্দিন আত্তাহেরী নামে এক মুফতি বিভিন্ন সময় রায়পুরা উপজেলার বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে ফতোয়া দিয়ে বক্তৃতা দিলে স্থানীয় লোকজনের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। মঙ্গলবার রাতে অলিপুরা গ্রামে গিয়াস উদ্দিন আত্তাহেরীকে প্রধান বক্তা করে সুন্নী মহা সম্মেলনের আয়োজন করা হয়। এতে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসী এ ওয়াজ মাহফিল বন্ধের দাবিতে গত শুক্রবার রায়পুরা থানা ঘেরাও করে। মঙ্গলবার রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান পুলিশের উপস্থিতিতে ওয়াজ মাহফিল শুরু করার চেষ্টা করলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। মুহূর্তে এ সংঘর্ষ রাধানগর, সাহেরচর, বড়চর ও অলিপুরা গ্রামে ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।