বগুড়ায় প্রীতি ক্রিকেটে সাংবাদিক একাদশ জয়ী

বগুড়ায় গতকাল বৃহস্পতিবার জেলা ক্রীড়া সংস্থা ও বিসিবির স্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে অনুষ্ঠিত টি-টুয়েন্টি প্রীতি ক্রিকেট ম্যাচে সাংবাদিক একাদশ ৯ উইকেটে জয়লাভ করে। বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় খেলাটি। টসে জিতে জেলা ক্রীড়া সংস্থা একাদশের অধিনায়ক মাছুদুর রহমান মিলন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩২ রান তোলে তার দল। এডোনিস বাবু ২১, হুমায়ুন কবির ২০, জামিলুর রহমান অপরাজিত ১৮ ও মাছুদুর রহমান মিলন ১৫ রান করেন। সাংবাদিক একাদশের মোস্তফা মোঘল ও সোহেল রানা দুটি উইকেট নেন। এছাড়া জনি, মাসুদুর রহমান রানা এবং হাকিম রুমন পান একটি করে উইকেট। জবাবে ১৩৩ রানের টার্গেটে ওপেনার জনির অপরাজিত দুর্দান্ত ব্যাটিংয়ে ১২.৫ ওভারে এক উইকেট হারিয়ে জয়ী হয় সাংবাদিক একাদশ। জনি ৭২ রানে অপরাজিত থাকেন। রাহাত রিটু অপরাজিত ছিলেন ২৪ রানে। অলরাউন্ড নৈপুণ্যের জন্য জনি ম্যান অব দ্য ম্যাচ হন। ম্যাচে আম্পায়ারের দায়িত্বে ছিলেন মোসলেম উদ্দিন, সাজেদুর রহমান সাজু ও অন্তু। বগুড়ার জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন। এসময় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন, সিনিয়র সাংবাদিক আব্দুর রহীম বগ্রা, মহসিন আলী রাজু, জেলা ক্রীড়া অফিসার নুরুল ইসলাম, ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম আর সাইন, বগুড়া ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মাসুদুর রহমান রানা, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুক্তাসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ ও বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।