ধোনির সমালোচনা করলেন রমিজ রাজা

ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সমালোচনা করলেন সাবেক পাকিস্তানি তারকা ব্যাটসম্যান রমিজ রাজা। তিনি মনে করেন, টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে ধোনির নিজেকে সরিয়ে নেয়া উচিত। তিনি আরো জানান,দলের তরুণ খেলোয়াড়দের কাছে দায়িত্ব ছেড়ে দেয়ার এটাই আদর্শ সময়। রমিজ বলেন, ‘সম্মানের সঙ্গে টি-২০ সে ছেড়ে দেবে বলে আমার আশা। দলের উন্নতি করতে অন্যদের সুযোগ দিন। অন্য তরুণদের মধ্য থেকে অধিনায়ক বের হয়ে আসুক।’ বেসরকারি একটি টিভি চ্যানেলকে তিনি বলেন, ‘ভারতীয় উপমহাদেশে পরিসংখ্যান ভিত্তিক ক্রিকেট অর্থনীতি যেখানে সবাই রেকর্ডের দিকে তাকায়। ভারত অথবা পাকিস্তান কতটা ম্যাচে জিতল সেদিকে তারা লক্ষ্য রাখেনি।’ পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক ও সর্বকালের সেরা ফাস্ট বোলারদের একজন ওয়াসিম আকরাম বলেন, ছয় নম্বরে ব্যাট করাটা ধোনির অব্যাহত রাখা উচিত এবং চার নম্বরে তার ব্যাটিং করাটা উচিত নয়। ব্যাটিং অর্ডারে ধোনির আরো উপরে উঠে আসা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে আকরাম বলেন, ‘আমি এমনটা মনে করি না। ছয় নম্বরেই সে ভাল করছে বলে আমি মনে করি। চার নম্বরে উঠে আসলে সে হয়তোবা রান নাও পেতে পারে।’ তিনি বলেন, ‘মনে রাখবেন সে উইকেটরক্ষক। ক্রিকেটের মধ্যে কঠিন হচ্ছে কিপিং করা। ৩০০ বলের জন্যই তাকে বসতে হয় আবার দাঁড়াতে হয় এবং চার নম্বরে তার ব্যাট করার আশা করাটা মানবিক দিক থেকেও সম্ভব নয়।’ ইশান্ত শর্মার ব্যাপারে তিনি বলেন, গত দু’বছরে তার পারফরমেন্স একজন পেসার হিসাবে উত্সাহজনক নয়। আকরাম বলেন, ‘তার পেস অনেকটা কমে এসেছে বলে আমি মনে করি। গত ম্যাচে ১০ ওভারে সে ৮৬ রান দিয়েছে। দ্রুত তাকে শিখতে হবে।’ অপর পেসার এস শ্রীশান্থ ভারতীয় দলে ফিরতে পারে। তবে এজন্য তাকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে হবে বলে উল্লে¬খ করেন আকরাম। আকরাম বলেন, ‘তার যে পেস আছে তাতে সে বল সুইং করাতে পারে। শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলে যতদিন সম্ভব সে তিন ফরম্যাটেই খেলতে পারে।’ - বাসস/পিটিআই