সেই কণ্ঠ আর শোনা যাবে না

ইথারে ভেসে আসবে না সেই কণ্ঠ, যে কণ্ঠ শুনে ক্রীড়াপাগল মানুষরা আচ্ছন্ন হতেন। মাঠের লড়াইয়ের উত্তেজনাকর মুহূর্তগুলো শ্রুতিমধুর শব্দে ভরা কণ্ঠের যাদুতে মাতিয়ে তুলতেন, সবার প্রিয় মুসা ভাই আর নেই। গত বুধবার দিবাগত রাতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। বুধবার রাতে ক্রীড়া ভাষ্যকার মো. মুসার (৬৫) বুকে ব্যথা উঠলে তাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত পৌনে তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দুই পুত্র এবং তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রায় পঞ্চশ বছর খেলাধুলার সাথে সম্পৃক্ত ছিলেন মুসা ভাই। তিনি ছিলেন সাংবাদিক। দৈনিক ইনকিলাব পত্রিকায় তিনি সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করতেন। গতকাল বাদ যোহর মিরপুর ৬ নম্বর সেকশন জামে মসজিতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং ১১ নম্বরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।