সমঝোতার মনোভাব নিয়ে আলোচনায় বসলে সমাধান পাওয়া যাবেই :সুরঞ্জিত

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি সকল রাজনৈতিক দলের প্রতি আহবান জানিয়ে বলেছেন, আগামী নির্বাচন কিভাবে হবে তা নির্ধারণে সমঝোতার মনোভাব নিয়ে অবিলম্বে আলোচনায় বসুন। আপোষ ও সমঝোতার মনোভাব নিয়ে রাজনৈতিক দলগুলো আলোচনায় বসলে একটা সমাধান খুঁজে পাওয়া যাবেই। তিনি বলেন, আগামী নির্বাচন প্রক্রিয়া নির্ধারণের আলোচনায় জনগণকে সম্পৃক্ত করতে হবে। এটা করতে হলে বিএনপিকে আলোচনার জন্য সংসদে যেতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আওয়ামী শিল্পগোষ্ঠী আয়োজিত ‘যুদ্ধাপরাধীদের বিচার ও বর্তমান সরকারের ৪ বছরের সফলতা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপির উদ্দেশে বলেন, সরকার আলোচনার জন্য আন্তরিক। গণতান্ত্রিক দল হিসেবে বিরোধী দলের কোন সুস্থ বক্তব্য থাকলে তা সংসদে এসে বলুন। যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের পক্ষ নিয়ে নতুন প্রজন্মের সমর্থন হারাবেন না। আওয়ামী শিল্পগোষ্ঠী ঢাকা জেলা শাখার সভাপতি হুমায়ন কবীর মিজির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাজী মো. সেলিম, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবির, ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক তালেহ রায়হান প্রমুখ।