আদিতমারীতে কোল্ড ইনজুরিতে বীজতলা নষ্ট
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৩, ২২:০৩
চলতি বোরো মৌসুমের শুরুতেই ঘন কুয়াশা ও প্রচণ্ড শীত থাকায় আদিতমারী উপজেলার বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। তাদেরকে মাঠ পর্যায়ে না পাওয়ায় এখানকার কৃষকরা ক্ষুব্ধ।
উপজেলার অধিকাংশ বীজতলার শতকরা ৬০ ভাগ নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা হতাশ হয়ে পড়েছে। কৃষি বিভাগ মাঝে মধ্যে দু’- একটি লিফলেট বিতরণের মধ্যেই রয়েছে সীমাবদ্ধ। গতকাল বুধবার উপজেলার ভাদাই ইউনিয়নের বসিনটারী গ্রাম ঘুরে দেখা গেছে, বিআর-২৮ জাতের অধিকাংশ বীজতলা কোল্ড ইনজুরিতে নষ্ট হয়ে গেছে। এসময় কথা হয়, বসিনচারী গ্রামের কৃষক ফরহাদ আলম সুমন, আশরাফুল, আনার আলীসহ অনেকের সাথে। তারা অভিযোগ করেন, বীজতলা নষ্ট হয়ে গেলেও এখন পর্যন্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে না পাওয়ার।
সহকারী কৃষি সমপ্রসারণ কর্মকর্তা আব্দুস ছামাদ বলেন, অধিকাংশ কৃষকের বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত। মাঠ পর্যায়ে ব্লক সুপারভাইজারদের না পাওয়া কৃষকদের অভিযোগ প্রসংগে তিনি জানান, তাদেরকে মাঠ পর্যায়ে থাকার জন্য কৃষি বিভাগ থেকে কড়া নির্দেশ দেয়া হয়েছে। এরপরও কেউ না থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আদিতমারী উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা বাসুদেব রায় বলেন, বীজতলা রক্ষার জন্য মাঠ পর্যায়ে লিফলেট বিতরণ ছাড়াও ব্যাভিস্টিন, টিল পটাশ সেপ্র করার জন্য কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। কোল্ড ইনজুরিতে বীজতলা নষ্ট হলেও লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তিনি আশাবাদী।