নবাবগঞ্জে আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু

নবাবগঞ্জ উপজেলার শিকাফরপাড়া ইউনিয়নের বক্তারনগর গ্রামে বসতঘরে আগুন লেগে দুইজন পুড়ে মারা গেছেন। নিহতরা হলেন নওয়াব আলী বিশ্বাস (৭০) এবং তার বোন মরিয়ম বিশ্বাস (৫৫)। গত বুধবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে নওয়াব আলীদের ঘরে আগুন লেগেছে দেখে স্থানীয় লোকজন ছুটে আসে। তারা আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে নওয়াব আলী এবং তার বোন মরিয়ম পুড়ে মারা যান। ধারণা করা হচ্ছে, শীত নিবারণের আগুনের পাত্র বা জ্বলন্ত সিগারেট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘরে অন্য কেউ ছিল না। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।