প্রভাষককে আটকে রেখে মুক্তিপণ দাবি ঃ জাবির ৪ ছাত্র সাসপেন্ড

গাইবান্ধা জেলার একটি কলেজের প্রভাষককে আটক রেখে দাবিকৃত মুক্তিপণের টাকা তুলতে গিয়ে গত সোমবার র্যাবের হাতে গ্রেফতার হওয়া চার ছাত্রকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রত্ব স্থগিতসহ সাময়িক বহিষ্কার করেছে। ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ডিসিপ্লিনারি বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সাময়িক বহিষ্কৃতরা হলো নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক জাবির হোসেন, ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শফিক আলম ও আনিসুজ্জামান সিদ্দিকী এবং দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহেদ শাহ। সভায় বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক আমিনুল ইসলামকে আহ্বায়ক করে ৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে যথাসম্ভব দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে।