ব্যবসায়ী দীপু হত্যা

সিসি ক্যামেরায় ধারণ করা ছবি খুলে দিতে পারে মৃত্যু রহস্য

সিসি ক্যামেরায় ধারণকৃত ছবি নিহত ব্যবসায়ী দুর্জয় চৌধুরী দীপুর মৃত্যু রহস্য খুলে দিতে পারে। তবে পুলিশ বলছে ঘটনার সময় সিসি ক্যামেরা বন্ধ ছিল। তিনি যে কক্ষে গুলিতে নিহত হন সেখানে সিসি ক্যামেরা ছিল না। এদিকে এ ঘটনায় নিহতের স্ত্রী শিলা চৌধুরী অজ্ঞাত কয়েকজনকে আসামি করে যাত্রাবাড়ি থানায় মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার ময়না তদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গত বুধবার বিকালে দক্ষিণ যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়কের তাজ সুপার মার্কেটের পঞ্চমতলায় নিজ অফিস থেকে সাপ্তাহিক ‘অপরাধ দমন’ পত্রিকার সিনিয়র যুগ্ম সম্পাদক ও ব্যবসায়ী দুর্জয় চৌধুরী দীপুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ‘অপরাধ দমন’ পত্রিকার সম্পাদক জমির আহমেদ জানান, দুর্জয়ের অফিসে ৩/৪টি সিসি ক্যামেরা ছিল। ঐসব ক্যামেরায় ধারণকৃত ছবি এ মৃত্যু রহস্যের জট খুলতে সাহায্য করবে। তার আরেক সহকর্মী জানান, দুর্জয় চৌধুরীর সাথে সব সময় কয়েকজন দেহরক্ষী থাকতেন। হত্যা রহস্য উন্মোচনে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।