যশোর বিজ্ঞান ও প্রযুক্তি ভার্সিটি
সন্ত্রাসীদের অত্যাচারে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন ঠিকাদার
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৩, ২২:০৮
বহিরাগত সন্ত্রাসী ও চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মিনার, আবাসিক হল ও ক্যাফেটেরিয়ার নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার সকাল থেকে এ নির্মাণ কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ঠিকাদার নূর হোসেন। তিনি যবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. আব্দুর সাত্তারকে বিষয়টি অবহিত করেছেন।
নূর হোসেন জানান, তিনি এবং ঠিকাদার কাজী মনিরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ কোটি টাকার নির্মাণ কাজ করছেন। বিভিন্ন সময় বহিরাগত কিছু সন্ত্রাসী ও চাঁদাবাজ চাঁদা দাবিসহ তাদের নানাভাবে নাজেহাল করে আসছিলো। বুধবার সন্ধ্যায় পার্শ্ববর্তী সাজিয়ালী ও নিশ্চিন্তপুর গ্রামের একদল সন্ত্রাসী যবিপ্রবি ক্যাম্পাসে ঢুকে কর্মরত শ্রমিকদের কাছ চাঁদা দাবি করে। এক পর্যায়ে তারা সাব-ঠিকাদার আজগরকে মারধর করে। এ ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা নির্মাণ কাজ বন্ধ করে দেন।
এ প্রসঙ্গে উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার জানান, ঠিকাদারের কাছ থেকে অভিযোগ পেয়ে তিনি তাত্ক্ষণিকভাবে বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েছেন এবং শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।
ডাকাত সন্দেহে আটক ৬
যশোরে ডাকাত সন্দেহে ৬ জন এবং জালনোটসহ আরও দুজনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান জানান, বৃহস্পতিবার ভোরে পুলিশ যশোর-ঝিনাইদহ মহাসড়কের রহমতপুর ভাগাড় এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে আটক করা হয়। এদের কাছ থেকে ২টি বড় ছোরা, ১টি হাসুয়া ও ৩টি বোমা উদ্ধার করা হয়। একই সময় অপর ২ জনকে যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া এলাকা থেকে আটক করা হয়। এদের কাছ থেকে একটি মোটর সাইকেল ও ৬টি ১ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। অপরদিকে সকালে সাজিয়ালি ক্যাম্প পুলিশ সরদার বাগডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ডাকাত সন্দেহে ৩ জনকে আটক করে।