কবিগুরুর নোবেল প্রাপ্তির শতবর্ষ

শিলাইদহের কুঠিবাড়িতে দুই বাংলার সাংস্কৃতিক উত্সব আজ

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তি শতবর্ষে পদার্পণ উপলক্ষে দুই বাংলার যৌথ আয়োজনে কবির স্মৃতি বিজড়িত কুমারখালির শিলাইদহ কুঠিবাড়ি আঙিনায় আজ শুক্রবার সাংস্কৃতিক উত্সব ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ‘অতন্দ্র একাত্তর’ ও ভারতের ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ এ উত্সবের আয়োজন করেছে। আজ বিকাল সাড়ে তিনটায় শিলাইদহের কুঠিবাড়িতে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গীতাঞ্জলির কল্যাণে উপমহাদেশে প্রথম নোবেল কবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই এসেছে বাংলায়, যা বাংলা সাহিত্যের আলোকবর্তিকা হিসেবে প্রতিভাত। আজ শিলাইদহ কুঠিবাড়ি আঙিনায় উদ্বোধন এবং পরের দিন শনিবার ঢাকার বাংলা একাডেমী মিলনায়তনে উত্সবের মধ্য দিয়ে দুই বাংলার এই মিলন মেলা সম্পন্ন হবে।