বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু আজ
মুন্না রায়হান, মুজিবুর রহমান ও কাজী রফিক, টঙ্গী থেকে
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৩, ২২:২০
আবার মুখর হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ তীর। লাখো মুসল্লির অংশগ্রহণে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে তাবলীগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এবারের পর্বে দেশের অবশিষ্ট ৩২ জেলার মুসল্লিরা অংশ নেবেন। গত ৩ বছর ধরে বিশ্ব ইজতেমা দু’পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। ইজতেমা মুরুব্বীরা বলেছেন, ইজতেমা ময়দানে মুসল্লি¬দের স্থান সংকুলান না হওয়ায় দু’পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইজতেমা মাঠ ঘুরে দেখা যায়, অসংখ্য মুসল্লি¬ মাঠে অবস্থান নিয়েছেন। আন্তর্জাতিক কামরায় অবস্থানরত এক বিদেশি মেহমান জানান, গতকাল পর্যন্ত নতুন করে প্রায় ১২শ’ বিদেশি মুসল্লি¬ ময়দানে অবস্থান করছেন। তবে গত পর্বে অংশগ্রণকারী জেলাসমূহের মুসল্লি¬রা ২য় পর্বে অংশ নিচ্ছেন না।
আগামী ২০ জানুয়ারি রবিবার দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৪৭তম বিশ্ব ইজতেমা। এর আগে গত ১৩ জানুয়ারি শেষ হয় বিশ্ব ইজতেমার ১ম পর্ব। ইজতেমার মুরুব্বিগণ জানান, শীত কিছুটা কমে আসায় মুসল্লিদের আগমন প্রথম পর্বের চেয়ে বেশি হতে পারে। সেইসঙ্গে আজ শুক্রবার জুম্মার নামাজে লাখ লাখ মুসল্লি¬ অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা আশা করছেন। ইজতেমায় আগত এক মুরুব্বী বলেন, যে মহান লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে সূচনা হয়েছিল এই ঈমানী কর্ম তত্পরতার তা যেন ছড়িয়ে পড়ে আমাদের মন-মানসিকতা এবং ইবাদতের প্রতিটি স্তরে।
টঙ্গীর পৌর মেয়র এড. আজমত উল্ল¬া খান এবং গাজীপুর পুলিশ সুপার আব্দুল বাতেন জানান, বিশ্ব ইজতেমা নির্বিঘ্ন করতে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায়ও র্যাব, পুলিশ ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার ১২ হাজারের বেশি সদস্য নিয়োজিত থাকবে। গাজীপুর জেলা প্রশাসক নূরুল ইসলাম জানান, দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজনেও নেয়া হয়েছে প্রথম পর্বের মতো প্রস্তুতি। এদিকে ইজতেমায় আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গাজীপুর সদর হাসপাতাল, টঙ্গী সরকারি হাসপাতাল ও অন্যান্য দাতব্য চিকিত্সা কেন্দ্র ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারী জেলা ও খিত্তাসমূহ : নারায়ণগঞ্জ জেলা ১ ও ২ নং খিত্তায়, ঢাকা ৩ ও ৪, কক্সবাজার ও মানিকগঞ্জ ৬, পিরোজপুর ও পটুয়াখালী ৮, টাঙ্গাইল ৯, জামালপুর ১০, বরিশাল ১১, নেত্রকোনা ১২, কুমিল্ল¬া ১৩, মেহেরপুর ১৪, ঝিনাইদহ ১৫, ময়মনসিংহ ১৬, ১৭ ও ১৮, লক্ষ্মীপুর ১৯, বি-বাড়িয়া ২০, কুড়িগ্রাম ২১, নোয়াখালী ২২, নীলফামারী ২৩, ঠাকুরগাঁও ২৪, পঞ্চগড় ২৫, চাঁপাইনবাবগঞ্জ ২৬, বগুড়া ২৭, পাবনা ২৮, নওগাঁ ২৯, মুন্সিগঞ্জ ৩০ ও ৩১, মাদারীপুর ৩২, গোপালগঞ্জ ৩৩, সাতক্ষীরা ৩৪, মাগুরা ৩৫, খুলনা ৩৬, সুনামগঞ্জ ৩৭ ও মৌলভীবাজারের মুসল্লি¬গণ ৩৮ নং খিত্তায় অবস্থান করবেন।