ভারতকে আলোচনার প্রস্তাব হিনা রাব্বানির

বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্ত নিয়ে আলোচনা করতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার। বুধবার তার কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে তিনি সীমান্তে উত্তেজনা প্রশমনে ভারতের সহযোগিতা চান। বুধবার দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সীমান্তে যুদ্ধবিরতি বজায় রাখার সমঝোতা হওয়ায় গতকাল সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। খবর বিবিসি, ডন এবং এনডিটিভি’র। গত সপ্তাহ থেকে দু্ই দেশের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায় এবং দুই দেশের পাঁচজন সেনা সদস্য নিহত হয়। এরপর দেশ দুটির মধ্যকার সম্পর্কে অবনতি লক্ষ্য করা যায়। পাকিস্তানের বিবৃতিতে বলা হয়, পাল্টাপাল্টি মন্তব্যের মাধ্যমে সীমান্তের উত্তেজনা উসকে না দিয়ে দুইপক্ষের উচিত যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন না করে সকল সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা। ভারতের উত্তর কমান্ডের রাজেশ কালিয়া জানিয়েছেন, বৃহস্পতিবার নিয়ন্ত্রণ রেখা থেকে কোনো গুলিবর্ষণ কিংবা যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনো খবর পাওয়া যায়নি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ জানিয়েছেন, পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর আলোচনার প্রস্তাবের বিষয়টি প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে আলোচনা করা হবে। তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন। এনডিটিভি একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ভারত এখন কূটনৈতিক চ্যানেলে জানার চেষ্টা করবে পাকিস্তান কোন্ বিষয়ে আলোচনা করতে চায়। তবে ভারত আশা করছে তাদের সৈন্য হত্যাকারীদের শাস্তি দিবে পাকিস্তান।