বিশ্বব্যাংক অর্থায়ন না করলে অন্য উপায় দেখতে হবে :অর্থমন্ত্রী
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৩, ২২:২১
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সরকার চলতি শুষ্ক মৌসুমেই পদ্মা সেতুর কাজ শুরু করতে চায়। এজন্য এ মাসের মধ্যেই বিশ্বব্যাংকের অর্থায়নের বিষয়ে সিদ্ধান্ত জানতে চেয়েছে সরকার। বিশ্ব ব্যাংক অর্থায়ন না করলে ‘অন্য উপায়’ দেখতে হবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি একথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের বিষয়টি প্যানেল ও দুদকের বিষয়। বিশ্ব ব্যাংক প্যানেল দুদকের সঙ্গে যোগাযোগ রাখছে। আমাদের সঙ্গে যোগাযোগ নেই। আমরা যোগাযোগ করতেও চাই না। এ মাসের মধ্যে আমরা বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত চাই। তা না হলে অন্য উপায় দেখতে হবে। অন্য উপায় কী হতে পারে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, অন্য অর্থায়নকারী আছে, আমাদের নিজেদের বিনিয়োগও আছে। সরকার এ মাসেই কেন বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত চাইছে—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকার চলতি শুষ্ক মৌসুমেই পদ্মা সেতুর কাজ শুরু করতে চাইছে। বিশ্ব ব্যাংককেও বিভিন্নভাবে বিষয়টি জানানো হয়েছে।
তিনি আরো বলেন, কয়েকদিন আগে বিশ্ব ব্যাংকে আমাদের নির্বাহী পরিচালক বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন। তখন তার অভিব্যক্তি এমন ছিল যে এ প্রকল্প এগিয়ে যাক। এছাড়া দুদক চেয়ারম্যানকে বিশ্ব ব্যাংকের চিঠির জবাব দ্রুত দেয়ার অনুরোধ করেছেন বলেও জানান অর্থমন্ত্রী।