তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংলাপের কোন সুযোগ নেই
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৩, ২২:২২
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সংলাপের কোন সুযোগ নেই। সংলাপ হতে পারে গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে। আগামী নির্বাচন এ সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। সরকার রাষ্ট্র পরিচালনা করবে। নির্বাচন পরিচালনা করবে শক্তিশালী নির্বাচন কমিশন। প্রয়োজনে নির্বাচন সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় তাদের হাতে চাহিদা মোতাবেক ন্যস্ত করা হবে। কারণ আদালতে রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করা হয়েছে। ভোলা শহর রক্ষা প্রকল্পে ১শ ৫ কোটি টাকা বরাদ্দে গতকাল বৃহস্পতিবার নতুন বাজার চত্বরে নাগরিক সমাজ আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বিরোধী দল সংসদে না এসে বাইরে সরকারের সমালোচনা করে। আমরা চাই তারা সংসদে ফিরে আসুক। জনগণ রাজনৈতিক হানাহানি, সন্ত্রাস করার জন্য তাদের ভোট দেয়নি। একমাত্র নির্বাচনের মাধ্যমেই সকল সমস্যার সমাধান হতে পারে। জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলুর সভাপতিত্বে নাগরিক সমাজ আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম প্রমুখ।