ছাত্রলীগের কারণেই সরকারের পতন ঘটবে :মওদুদ
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৩, ২২:২২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ছাত্রলীগের হত্যা, গুম, ধর্ষণ, শিক্ষক-শিক্ষার্থীদের ওপর অত্যাচার এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যবসা করার কারণেই এ সরকারের পতন ঘটবে। সামনে এমন পরিস্থিতি আসছে যে, বিরোধী দলের আন্দোলনেরও দরকার হবে না। ছাত্রলীগের কর্মকাণ্ডের কারণেই পদত্যাগ করতে সরকার বাধ্য হবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে গতকাল বৃহস্পতিবার বিকালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলীয় নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। এর জন্য আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে তীব্র আন্দোলন চলতেই থাকবে। জনগণ এই সরকারকে আর দেখতে চায় না মন্তব্য করে তিনি বলেন, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ জবাব দেবে। তিনি আরো বলেন, ছাত্রলীগ শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করছে। ইসলামী ও কৃষি বিশ্ববিদ্যালয়সহ সর্বত্র ছাত্রলীগের নৈরাজ্য চলছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশে আজ কেউ নিরাপদ নয়।
ছাত্রদলের বিক্ষোভ মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, ছাত্রদল নেতা বজলুল করিম চৌধুরী আবেদ, ওবায়দুল হক নাসির প্রমুখ।