প্রধানমন্ত্রী রাশিয়া সফর শেষে দেশে ফিরেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছেন। সকাল ৯টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান, সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, চিফ হুইপ আব্দুস শহীদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম প্রমুখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক সুদৃঢ় করতে গত ১৪ জানুয়ারি তার প্রথম দ্বি-পক্ষীয় সফরে মস্কো যান। প্রধানমন্ত্রীর এই সফরকালে বাংলাদেশে রূপপুরে পরমাণু বিদ্যুত্ কেন্দ স্থাপন এবং সমরাস্ত্র কেনাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও ছয়টি সমঝোতা স্মারক (এমওইউএস) স্বাক্ষর হয়। অন্য খাতগুলো হচ্ছে- কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, আইন ও বিচার, সন্ত্রাস মোকাবেলা ও সামরিক সহযোগিতা। সফরকালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাশিয়ার সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠক এবং শেখ হাসিনার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি একান্ত বৈঠক হয়েছে।