আগামী নির্বাচনে জাতীয় পার্টি সরকার গঠন করবে :এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ন্যূনতম ১৫১টি আসন পেয়ে জাতীয় পার্টি সরকার গঠন করবে। দেশের জনগণ আওয়ামী লীগ-বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না। তারা আমাকে চায়। এ কারণে সকল ভেদাভেদ ভুলে দলকে সংগঠিত ও শক্তিশালী করতে হবে। জাতীয় পার্টি একটি পরিবার। সেই পরিবারের প্রধান আমি। কাজেই পরিবার প্রধান হিসেবে আমার কমান্ড সবাইকে মানতে হবে। গতকাল বৃহস্পতিবার ৫ দিনের রংপুর সফর শেষে ঢাকায় ফিরে যাওয়ার আগে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এরশাদ আওয়ামী লীগ ও বিএনপির তীব্র সমালোচনা করে বলেন, এই ২টি দল আমার দলকে ধ্বংস করতে চায়। তারা এতদিন আমাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছে। এখন আর সেই সুযোগ পাবে না। তিনি বলেন, মহাজোটে একজন মন্ত্রী ছাড়া কিছুই পেলাম না। কিন্তু এখন মহাজোট থেকে বেরিয়ে গেলে মানুষ ভাববে আমি বিএনপিকে সমর্থন দিচ্ছি এবং তাদের সঙ্গে আছি। ৯৬’র নির্বাচনের সময় গভীর রাতে বিএনপি আমার সমর্থন নেয়ার জন্য দুইজন দূতকে জেলখানায় পাঠিয়েছিল। তারা আমার ১৪ এমপি’র জন্য ২০ লাখ টাকা করে ২ কোটি ৮০ লাখ টাকা দিয়ে বলেছিল, আপনি যা চান তা-ই হবে। আমি তাদের সঙ্গে যাইনি। সেই সময় আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলাম। কিন্তু তারা আমার দলকে ভেঙ্গে টুকরো টুকরো করে দিয়েছে। আমার প্রতীক লাঙ্গলের মামলা আদালতে তুলেছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং রংপুর জেলা ও মহানগর সভাপতি মসিউর রহমান রাঙ্গা, জেলা সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী নান্টু, মহানগর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সালাহ উদ্দিন কাদেরী প্রমুখ।