রোহিঙ্গা থাকার সন্দেহ

কক্সবাজারে নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্তি কার্যক্রম সম্পন্ন

ভোটার অন্তর্ভুক্তি কার্যক্রমের সুযোগে অবৈধভাবে বাংলাদেশে বসবাসকারী মিয়ানমার থেকে আগত রোহিঙ্গারা কৌশলে নতুন ভোটার তালিকায় ঢুকে পড়ার অভিযোগের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার কক্সবাজার জেলায় এ কার্যক্রমের মূল কাজ সম্পন্ন হয়েছে। জেলায় নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছে ১ লাখ ৬ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬৭ হাজার ৩৯৯ জন ও মহিলা ৩৯ হাজার ৩৯৪ জন। এ নিয়ে জেলায় এখন মোট ভোটার সংখ্যা হচ্ছে ১২ লাখ ৯ হাজার ২০ জন। জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা যায়, গত ২১ মার্চ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত এ জেলায় নতুন ভোটার অন্তর্ভুক্তির কাজ চলে। এ সময়ের মধ্যে নানা কারণে বাদ পড়ে যাওয়ার খসড়া অন্তর্ভুক্তির কাজ চলে গত ২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশন অফিস আরো জানায়, মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ঠেকাতে জেলার কুতুবদিয়া ব্যতীত অন্য ৭ উপজেলায় নির্বাচন কমিশন বিশেষ নজরদারি কমিটিও গঠন করে। তবুও কোনো কোনো এলাকায় জনপ্রতিনিধিদের যোগসাজশে অনেক রোহিঙ্গা নতুন ভোটার তালিকায় ঢুকে পড়েছে বলে খোদ নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্দেহ রয়েছে। রোহিঙ্গা সনাক্তকরণ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা নূরুল হাসান ভুঁইয়া বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে গতকাল সন্ধ্যায় জেলার কুতুবদিয়া উপজেলা ব্যতীত অন্য সাত উপজেলায় নতুন ভোটার ফর্ম পুনরায় যাচাই করার নির্দেশ দেয়া হয়েছে। ওইসব উপজেলায় বিশেষ নজরদারি কমিটি আগামী ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই রোহাঙ্গাি আছে কিনা সেই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করবে।