কুমিল্লায় ৫ ডাকাত হত্যার ঘটনায় দেড় হাজার গ্রামবাসীর বিরুদ্ধে মামলা
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৩, ২২:২৪
কুমিল্লার মনোহরগঞ্জে ৫ ডাকাত হত্যার ঘটনায় দেড় হাজার অজ্ঞাতনামা গ্রামবাসীকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত নিহত ডাকাতদের পরিচয় মিলেনি। এদিকে প্রবাসীর বাড়িতে ডাকাতি ও মাদ্রাসা ছাত্র হত্যার ঘটনায় নিহত ৫ ডাকাতসহ অজ্ঞাতনামা ১২ ডাকাতের বিরুদ্ধে পৃথক একটি মামলা রুজু করেছে পুলিশ।
গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভাউপুর গ্রামে আমেরিকা প্রবাসী আবদুল মালেক মানিকের বাড়িতে ডাকাতির সময় জনতার হাতে আটক ৫ ডাকাত গণপিটুনীতে নিহত হয়। ওই ঘটনায় মনোহরগঞ্জ থানার এসআই আলী হোসেন দুয়ারী বাদী হয়ে বুধবার রাতে অজ্ঞাতনামা দেড় হাজার গ্রামবাসীকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এছাড়া ডাকাতদের গুলিতে মাদ্রাসা ছাত্র আরিফ হত্যা ও ডাকাতির ঘটনায় আমেরিকা প্রবাসী আবদুল মালেক মানিকের স্ত্রী তামান্না বেগম বাদী হয়ে থানায় আরো একটি মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতারকৃত ডাকাত মামুন ও নিহত ৫ ডাকাতসহ অজ্ঞাতনামা ১২ জন ডাকাতকে আসামি করা হয়।
মনোহরগঞ্জ থানার ওসি জানান, নিহত ডাকাতদের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে রয়েছে।