মিরপুরে ফ্ল্যাট থেকে গৃহবধূর জবাই করা লাশ উদ্ধার

রাজধানীর মিরপুরে সাদিয়া আফরিন রিতা (২৩) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে গত বুধবার গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর থেকে রিতার স্বামী পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, মিরপুর ১০ নম্বর সেকশনের ডি ব্লকের ১০ নম্বর রোডের ৩ নম্বর বাড়ির মালিক হুমায়ুন কবির। ওই বাসার ৫ তলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন মানিক-রিতা দম্পতি। টেলিফোনে গত বুধবার রাত ২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফ্লাটের দরজা ভেঙ্গে রিতার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর থেকে রিতার স্বামী মানিক নিখোঁজ রয়েছেন। মানিক এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। কুষ্টিয়া জেলার ভেড়ামারায় এই দম্পত্তির গ্রামের বাড়ি বলে পুলিশ জানতে পেরেছে। মানিক মিরপুরের নিম ফ্যাশন নামের একটি গার্মেন্টেসে চাকরি করতেন বলেও জানতে পেরেছে পুলিশ। এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা হয়েছে। মিরপুর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, লাশটি ফ্ল্যাটের বাথরুমের ভেতরে পড়ে ছিল। ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। লাশের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন ছিলো। ধারণা করা হচ্ছে ৩/৪ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। বাড়ির মালিক হুমায়ুন কবির বলেন, গত রোজার ঈদের পরে রিতা ও মানিক নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে পাঁচতলা ভবনের ওই ফ্ল্যাটটি ভাড়া নেয়। রিতা ও মানিক কারো সঙ্গে মিশতেন না। তাছাড়া প্রায়ই ওই বাসা থেকে ঝগড়ার শব্দ শোনা যেতো। এ জন্য তাদেরকে কয়েকবার বাড়ি ছেড়ে দিতে বলা হয়।