আরো ৫ বছরের ওএসডি কর্মকর্তার তালিকা চেয়েছে হাইকোর্ট
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৩, ২২:২৫
জনপ্রশাসনে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে ২০০৮ সালের আগের পাঁচ বছরের কর্মকর্তাদের তালিকা দাখিল করতে সরকারকে চার মাস সময় দিয়েছে হাইকোর্ট। সরকারের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেয়।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৪ জুন হাইকোর্ট এক আদেশে গত ১০ বছরের ওএসডি কর্মকর্তাদের তালিকা ও তাদের পেছনে রাষ্ট্রের কত টাকা বেতন-ভাতাদি পরিশোধ করা হয়েছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেয়। ওই নির্দেশনা অনুযায়ী গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে প্রতিবেদন দাখিল করা হয়। এতে বলা হয়, গত ৫ বছরে জনপ্রশাসনে ওএসডি কর্মকর্তার সংখ্যা এক হাজার ৯৮৯ জন। এর মধ্যে ১৩ জন সচিব, ১৬৬ জন অতিরিক্ত সচিব, ৪৯০ জন যুগ্ম সচিব, ৭৯০ জন উপ-সচিব, ৪৬০ জন জ্যেষ্ঠ সহকারী সচিব ও ৭০ সহকারী সচিব রয়েছেন। এসব কর্মকর্তার পেছনে সরকারের ব্যয় হয়েছে ১০৩ কোটি টাকা। সরকারের পক্ষে এ প্রতিবেদন দেন ডেপুটি এটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।